১৬ ডিসেম্বরের পর পাল্টা আঘাত: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আমরা লক্ষ্য করছি কয়েক দিন ধরে বিরোধী দলের সহিংসতা বেপরোয়া হয়ে গেছে। তবে ১৬ ডিসেম্বরের পর থেকে বিরোধী দল যদি সহিংসতা করে, তাহলে যেখানেই আঘাত, সেখানেই পাল্টা আঘাত করা হবে।’
আজ রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় হানিফ এসব কথা বলেন।
বিএনপি-জামায়াত দেশের ঘরে ঘরে সহিংসতা ছড়িয়ে দিতে চায় অভিযোগ করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সহিংসতা করে বিএনপি-জামায়াত দেশকে আফগানিস্তান-পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। তারা চায় আমাদের নেতা-কর্মীরা যেন তাদের বিরুদ্ধে সংঘাতে জড়ায়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আমাদের আস্থা রয়েছে।’
বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান হানিফ। তিনি বলেন, ‘আমাদের কর্মীরা অনেক ধৈর্য ধরেছে। তারা আর ধৈর্য ধরতে চায় না। ১৬ ডিসেম্বরের বিজয় দিবসের পর আঘাত আসলে পাল্টা আঘাত দেওয়া হবে।’
একই অনুষ্ঠানে দলটির আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, আসাদুজ্জামান নূরকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। হায়েনার নৃশংস ছোবলে বাংলার মাটি রক্তে রঞ্জিত হচ্ছে। এবার আঘাত এলে প্রতিরোধ নয়, প্রতিশোধ নিতে হবে।
সভায় আগামীকাল বিজয় দিবসের শোভাযাত্রা সফল করার বিষয়ে আলোচনা হয়। বেলা তিনটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডির ৩২ নম্বর পর্যন্ত বিজয় শোভাযাত্রা করবে দলটি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, মোহাম্মদ সেলিম প্রমুখ।