১৬ ডিসেম্বরের পর ফরিদপুরে খাল উদ্ধার অভিযান শুরু
১৬ ডিসেম্বরের পর থেকে ফরিদপুর শহরের খালগুলো উদ্ধারে অভিযান শুরু করবে জেলা প্রশাসন। গতকাল রোববার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভায় বিষয়টির অবতারণা করেন জেলা প্রশাসক নিজেই।
উম্মে সালমা তানজিয়া বলেন, শহরের ঝিলটুলী মহল্লার হিতৈষী স্কুলের সামনে সড়কের দুই পাশে রাতারাতি দখল করে দোকানঘর তোলা হয়েছে। এ ছাড়া শহরের খালগুলো ইজারার নামে দখল করা হচ্ছে। সেখানে দোকান, বাড়ি তোলা হচ্ছে।
খালের জায়গায় পৌরসভার ইজারার প্রসঙ্গে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাওসার আলীকে উদ্দেশ করে জেলা প্রশাসক বলেন, ‘আপনারা এমন কিছু করবেন না, যাতে আমাদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়।’
কোনো কোনো ব্যক্তিকে হয়রানি করার জন্য পকেটে ইয়াবা ঢুকিয়ে গ্রেপ্তারের প্রসঙ্গ নিয়ে সভায় আলোকপাত করেন আইনশৃঙ্খলা কমিটির সদস্য জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী জাহিদ। তিনি বলেন, সত্যিকারের মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেপ্তার করা হোক, কিন্তু পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে যেন কাউকে হয়রানি করা না হয়।
সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের মানুষ ভয় পায়। এ জন্য কোনো এলাকায় গিয়ে কাউকে আটক করা হলে এলাকার লোকজন ভয়ে বলেন, ‘উনি মাদক ব্যবসায়ী নন’।
সবাইকে সতর্ক ও সজাগ থাকার আবেদন জানিয়ে জেলা প্রশাসক বলেন, স্থানীয় পর্যায়ে এ ব্যাপারে মুঠোফোন ট্র্যাকিং করার সুযোগ নেই। এ বিষয়টি দেখার জন্য ঢাকার সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে।