সেক্টর কমান্ডারস ফোরামের কনভেনশন
১৬ ডিসেম্বরের মধ্যে চিহ্নিত যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের দাবি
১৬ ডিসেম্বরের মধ্যে সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, গোলাম আযমসহ চিহ্নিত যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের দাবি উঠেছে সেক্টর কমান্ডারস ফোরামের জাতীয় কনভেনশনে।গতকাল শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কনভেনশনে বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা এ দাবি করেন। তাঁরা বলেন, আগামী বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শেষ করতে হবে। ‘ষড়যন্ত্র প্রতিহত কর, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত কর’—এ দাবি সামনে রেখে মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারদের সংগঠনটির এ কনভেনশনে সারা দেশের প্রায় ৭০০ প্রতিনিধি অংশ নেন।সকালে কনভেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার না হলে জাতির ভেতর বিচারহীনতা ঢুকে যেতে পারে। এটি হলে এ দেশের পরিণতি পাকিস্তানের মতো হবে। সেখানে আর কোনো মানবতা, গণতন্ত্র, সভ্যতা বলে কিছু থাকবে না। আমরা সে অবস্থায় পড়তে চাই না।’সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা এখনো বাস্তবায়িত হয়নি। এর বাস্তবায়নের জন্য যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা জরুরি। তা না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না। তিনি বলেন, পাকিস্তানি ১৯৫ যুদ্ধাপরাধীকে হস্তান্তর করার ক্ষেত্রে শর্ত ছিল পাকিস্তান তাদের বিচার করবে। কিন্তু তারা তা করেনি।প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে এখনো অনেক অসংগতি রয়ে গেছে। এটি মানবতাবিরোধী অপরাধ, নাকি যুদ্ধাপরাধ, না গণহত্যার বিচার, তা এখনো স্পষ্ট নয়। তিনি যুদ্ধাপরাধে জড়িত এ দেশীয় ব্যক্তিদের পাশাপাশি পাকিস্তানিদেরও বিচার দাবি করেন।শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ৪০ বছর যে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি, এটি জাতীয় ব্যর্থতা। বর্তমান সরকার তাদের প্রতিজ্ঞা অনুযায়ী বিচারের প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তিনি বলেন, ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীকে আদালতে আনা যাচ্ছে না বলে তাদের সহযোগীরা পার পেয়ে যাবে, তা হতে পারে না।ব্যারিস্টার আমির-উল ইসলাম বলেন, রাষ্ট্রের নিজের অস্তিত্ব, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।কনভেশনে স্বাগত বক্তব্যে সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর-রশীদ বলেন, বিচারের প্রক্রিয়া শুরু হওয়ার পর যুদ্ধাপরাধীরা সংগঠিত হতে শুরু করেছে। তারা অন্য একটি রাষ্ট্রের সহায়তা পাওয়ার চেষ্টা ও ষড়যন্ত্র করছে। এসব মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ হতে হবে।অন্যদের মধ্যে সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, কে এম সফিউল্লাহ, সি আর দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।কনভেনশনের দ্বিতীয় পর্বে কর্ম অধিবেশনে ফোরামের খসড়া গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এতে ফোরামের নেতারা ও আঞ্চলিক প্রতিনিধিরা বক্তব্য দেন।