১৬ ডিসেম্বরের মধ্যে মান্নার মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ১৬ ডিসেম্বরের মধ্যে মুক্তি দাবি করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। তাঁরা বলেছেন, এই সময়ের মধ্যে তাঁকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কারাবন্দী মাহমুদুর রহমান মান্না’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, মান্না অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে টক শোতে কথা বলেছেন। সরকারের সব অপকর্মের বিরুদ্ধে কথা বলেছেন। এসব কারণে ষড়যন্ত্রমূলকভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সরকার।
নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা এস এম আকরাম বলেন, মান্নাকে নিষ্ক্রিয় করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছে সরকার। তাঁর মুক্তির জন্য আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। এটা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকার তাদের পছন্দমতো লোকদের মনোনয়ন দেবে। তাঁদের জিতিয়েও আনবে।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলুল হক সরকার বলেন, সরকারের প্রতিটি বিভাগে দুর্নীতি হচ্ছে। মান্না সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। বিজয় দিবসের
আগে তাঁকে মুক্তি না দেওয়া হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাতে মান্নাকে বনানীর এক বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। এর ২১ ঘণ্টা পর তাঁকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহের প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করে পুলিশ।