১৬ দিন ধরে কার্গোতে পড়ে আছে চার হাজার মেট্রিক টন সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল অঞ্চলে সারের চাহিদা বেশি থাকায় বোরো মৌসুমে সার মজুদ রাখার উদ্যোগ নেয় সরকার। শুধু বরিশাল জেলায় সারের চাহিদা রয়েছে ২৫ হাজার ৫০০ মেট্রিক টন। বোরো মৌসুমে চাষাবাদের শুরুতেই সার নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। সার রাখার জায়গা না থাকায় সাড়ে চার হাজার মেট্রিক টন সার খোলা আকাশের নিচেই রাখতে হচ্ছে। কীর্তনখোলায় অন্তত সাতটি কার্গোতে ওই পরিমাণ সার খালাসের অপেক্ষায় আছে। স্থান সংকুলান না হওয়ায় সেগুলো ঘাটে বসে আছে ১৫ দিনেরও বেশি সময় ধরে। তবে বুধবার থেকে একটি কার্গোর ৫৫০ মেট্রিক টন সার খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) সূত্র জানায়, বরিশালে বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) গুদাম ছাড়া সার রাখার আর কোনো গুদাম না থাকায় এবারের ইউরিয়া সার সংরক্ষণে প্রকট সমস্যা দেখা দিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত গুদামের অভাবে সার বাইরেই রাখতে হবে। খোলা আকাশের নীচে বেশি দিন সার রাখলে সারের গুণগত মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করছেন। যদিও বিসিআইসি কর্মকর্তারা তা মানতে রাজি নন। তাঁদের মতে, বৃষ্টি না হলে সারের কোনো ক্ষতি হবে না।বিএডিসি সূত্র জানায়, কৃষিপণ্য সংরক্ষণের জন্য নগরের কীর্তনখোলার পাড়ে কেডিসি এলাকায় সংস্থার চারটি গুদাম রয়েছে। এর মধ্যে একটিতে নন-ইউরিয়া সার রাখার জন্য, একটি নিজস্ব বীজ সংরক্ষণের জন্য, একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে ভাড়া এবং অন্যটি বরাদ্দ দেওয়া হয়েছে বাফার সার মজুদ রাখার জন্য। সরেজমিনে দেখা গেছে, বাফার সারের গুদামটির ধারণক্ষমতা তিন মেট্রিক টন হলেও সেখানে রাখা হয়েছে সাড়ে সাত মেট্রিক টন সার। অবশিষ্ট সার খোলা আকাশের নিচে রাখা হয়েছে। এখনো যে সাতটি কার্গোতে সার রয়েছে, তা রাখতে হলে আরও একটি গুদাম প্রয়োজন। প্রায় এক লাখ বস্তা সার খোলা আকাশের নিচেই রাখতে হবে। বিএডিসির অন্য গুদাম বিসিআইসির কাছে বরাদ্দ দেওয়ার জন্য বহুবার চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। ফলে ওই গুদামটি খান সন্স নামে একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান তাদের রড-সিমেন্ট রাখার জন্য ব্যবহার করছে।বিসিআইসির রসায়নবিদ মো. মশিউল ইসলাম প্রথম আলোকে বলেন, আমাদের জন্য মাত্র একটি গুদাম আন্তমন্ত্রণালয় বরাদ্দ দেয়। সেখানে সাত মেট্রিক টন সার রাখা হয়েছে। যে পরিমাণ সারের চাহিদা রয়েছে, সে পরিমাণ সার রাখতে হলে আরও কয়েকটি গুদাম প্রয়োজন। আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখেছিলাম বিএডিসির বাকি গুদামটি আমাদের বরাদ্দ দেওয়ার জন্য। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না হওয়ায় বাইরে সার রাখতে হয়েছে।সার নিয়ে বরিশাল ঘাটে অবস্থান করা কার্গোর চালকেরা অনেকেই জানান, ১২ জানুয়ারি থেকে তাঁরা ঘাটে এলেও এখন পর্যন্ত সার অবমুক্ত করতে পারেননি। ১৪ দিন আগে ১১ হাজার ৫০০ বস্তা সার নিয়ে ঘাটে এসেছে সানোয়ার শিপিং লাইনসের একটি কার্গো। কার্গোর চালক লিয়াকত হোসেন বলেন, ‘আমার সিরিয়াল সাত। অর্থাত্ এর আগে আরও ছয়টি কার্গোর সার নামানোর পর এই কার্গোর সার নামানো হবে। এমভি ক্যাকটাসের চালক মো. আলমগীর চট্টগ্রাম থেকে ১১ হাজার বস্তা সার নিয়ে খালাসের জন্য অপেক্ষা করছেন। তিনি জানান, ১৪ জানুয়ারি ঘাটে এলেও বরিশাল ঘাটে একটি মাত্র পন্টুন থাকায় সার নামাতে দেরি হচ্ছে। আরও কত দিন অপেক্ষা করতে হবে কে জানে। ১৯ জানুয়ারি ১৩ হাজার বস্তা সার নিয়ে এসেছে অন্য একটি কার্গো। এ ছাড়া ১৫ থেকে ২০ হাজার বস্তা সার নিয়ে আসা আরও কয়েকটি কার্গো কীর্তনখোলায় নোঙর করা রয়েছে। এই কার্গোর সব সার অবমুক্ত হলে বাইরে রাখারও জায়গা থাকবে না।ব্যক্তি মালিকানায় সরকারি গুদাম ভাড়া দেওয়ার ব্যাপারে বিএডিসিরি সহকারী পরিচালক কিশোর কুমার প্রথম আলোকে বলেন, বিসিআইসিকে বরাদ্দ দেওয়ার এখতিয়ার আমাদের নেই। বরাদ্দ দেওয়ার বিষয়টি প্রধান কার্যালয় দেখে। ব্যক্তি মালিকানায় ভাড়া দেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ১৯৯৬ সালে দুটি গুদাম খালি পড়ে থাকায় ভাড়া দেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ওই গুদামটি খান সন্স ব্যবহার করছে। তবে এখন আমাদের প্রয়োজন হওয়ায় ও তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় (গত বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হয়েছে) ওই প্রতিষ্ঠানকে গুদামটি ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আদালতে রিট করায় বিষয়টি ঝুলে আছে।