১৬ দিন পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার ১৬ দিন পর স্কুলছাত্রী বন্যার (৭) লাশ গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির কাছে একটি ধনেখেত থেকে উদ্ধার করা হয়েছে।বন্যা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া আইনাল মাতুব্বরপাড়া গ্রামের দুলাল বেপারীর মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, বন্যা গত ২০ মার্চ মঙ্গলবার সকাল নয়টার দিকে চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বিদ্যালয় ছুটি হলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। পরের দিন ছাত্রীর চাচা শামচুল বেপারী গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ছাত্রীর বাবা দুলাল বেপারী জানান, স্কুলে যাওয়ার ঘণ্টা খানেক পর অপরিচিত এক যুবক তাকে ডেকে বাইরে নিয়ে যায়। এর পর থেকে বন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।বন্যার মামা জামাল হোসেন বলেন, ‘বাড়ি থেকে কয়েক শ গজ দূরে ধনেখেতের ভেতর কাপড়-চোপড় ও কঙ্কাল দেখে জমির মালিক সকালে পরিবারের সদস্যদের খবর দেন। এরপর আমার বোনসহ পরিবারের লোকজন গিয়ে বিদ্যালয়ের পোশাক দেখে বন্যার লাশ শনাক্ত করে।’গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আবুল বাসার জানান, বন্যার বিদ্যালয়ের পোশাক, পায়ের জুতা, গলার মালা, হাতের ব্যাজ, বই-খাতা ও অন্যান্য আলামত দেখে পরিবারের লোকজন বন্যার লাশ শনাক্ত করে। ঘটনাটি অনেক আগে ঘটায় এখন শুধু মাথার খুলি ও পাঁজরের হাড় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে।