১৬ দিন পর বলে উঠলেন, 'বাড়ি ফরিদপুর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে দুর্ঘটনায় আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। অচেতন ছিলেন বলে এত দিন তাঁর পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার তিনি চেতনা ফিরে পান। তিনি প্রথম কথা বলেন, ‘আমার বাড়ি ফরিদপুর। কাঁচামালের ব্যবসা করি।’
এ ব্যবসায়ীর নাম আরিফুল ইসলাম (২২)। বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হুকলাভাঙ্গা গ্রামে। বাবার নাম রোকন ফকির। মায়ের নাম নিহা বেগম। একে একে তিনি তাঁর আত্মীয়স্বজনের নামও বলেন। তাঁরা তিন ভাই ও তিন বোন। তাঁর বড় বোনের নাম পারুল। বড় ভাইয়ের নাম লোটন। তিনি কাঁচামালের আড়তে থাকেন। ইউনিয়নের নাম উগলাভাঙ্গা। চেয়ারম্যানের নাম হাসমত।
আলিয়া নামের একটি মেয়ে নিজের থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে অজ্ঞাতপরিচয় রোগীদের দেখাশোনা করেন। চিকিৎসকদের ফুট-ফরমাশ খাটার পাশাপাশি তিনি এই কাজকে ব্রত হিসেবে নিয়েছেন। আলিয়া জানান, কারা আরিফুলকে হাসপাতালে রেখে গেছে তিনি জানেন না। ভর্তির পর থেকে তিনি অচেতন ছিলেন। গতকাল হঠাৎ তিনি চেতনা ফিরে পান। তিনি বলেছেন, তাঁর কাছে টাকাপয়সা ছিল। তবে এখনো বেশি কথা বলতে পারছেন না।