১৬ দিনে ক্ষতি ৩৬,৪৪৫ কোটি টাকা
১৬ দিনের টানা হরতাল-অবরোধে দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্যে ৩৬ হাজার ৪৪৫ কোটি ৭৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দৈনিক ক্ষতি দুই হাজার ২৭৭ কোটি ৮৬ লাখ টাকা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এ তথ্য জানিয়েছে।
চলমান রাজনৈতিক অস্থিরতায় অর্থনৈতিক অচলাবস্থার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে আর্থিক ক্ষতির এমন তথ্য তুলে ধরেছে ডিসিসিআই। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপই একমাত্র পথ। পৃথিবীর কোনো দেশেই চাপ কিংবা শক্তি প্রয়োগ করে সমস্যার কাঙ্ক্ষিত সমাধান হয়নি। বিদ্যমান সংকট মোকাবিলায় অবিলম্বে সংলাপ আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে হবে।
দুই নেত্রীর সঙ্গে আলোচনায় বসবেন কি না—এমন প্রশ্নের জবাবে হোসেন খালেদ বলেন, ‘আমি এক পায়ে দাঁড়িয়ে আছি। আমাদের যদি সেই সুযোগ দেওয়া হয়, আমরা অবশ্যই তাঁদের সঙ্গে বসে আমাদের কষ্টের কথা বলব। এমনকি যদি তাঁদের উপদেষ্টাদের সঙ্গেও বসতে বলে, আমরা তা-ই করব। ’