১৬ দিনে শতাধিক গরুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় খুরারোগে আক্রান্ত হয়ে গত ১৫ দিনে শতাধিক গরু মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ওই রোগের প্রতিষেধক ওষুধ (ভ্যাকসিন) না থাকায় গরু নিয়ে বিপাকে পড়েছেন খামারি ও কৃষকেরা।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে খুরারোগে গরুর মৃত্যুর সঠিক কোনো পরিসংখ্যান নেই। কৃষকদের অভিযোগ, খুরারোগে গরুর মড়ক দেখা গেলেও প্রাণিসম্পদ কার্যালয় থেকে এ অবস্থা প্রতিরোধে কোনো তৎপরতা নেই।
উপজেলার কৃষক ও বিভিন্ন গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ দিনের মধ্যে বদরগঞ্জ পৌর শহরের শাহাপুর গ্রামের খামারি সাদেকুল ইসলামের চারটি গরু, কৃষক আবদুল আজিজ, মোবারক হোসেন, রেয়াজুল ইসলাম, স্বপন দত্ত, ইব্রাহিম হোসেন, মাখন চন্দ্র, ওবায়দুল হক, গণেশ কুন্ডু, বালুয়াভাটা গ্রামের আবু তালহা, মহাবীর আলী, রামনাথপুর ইউনিয়নের দোয়ানী হাজীপুর মুন্সিপাড়া গ্রামের নূর আলম, মাহবুব হোসেন, কালুপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের মোহাম্মদ আলী, সাইদুল ইসলাম, জামিনুর রহমান, হাছিনুর রহমান, ফুলপুকুরের ডাঙ্গা গ্রামের বাবু মিয়া, ডাঙ্গীপাড়া গ্রামের মনিন চন্দ্রের একটি করে এবং পৌরসভার মাস্টারপাড়ার খামারি আজহারুল ইসলাম, কালুপাড়ার দবির উদ্দিন, মফিজুল হক, বালুয়াভাটা গ্রামের হারুন মিয়া, মোজহারুল ইসলামের দুটি করে ও বালুয়াভাটা গ্রামের শামিম মিয়ার চারটিসহ উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক গরু খুরারোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
শাহাপুর গ্রামের কৃষক ওবায়দুল হক বলেন, তাঁর প্রায় দেড় লাখ টাকা মূল্যের দুটি বিদেশি গাভি খুরারোগে মারা গেছে। তিনি অভিযোগ করেন, ‘খুরারোগের ভ্যাকসিন নিতে প্রাণিসম্পদ অফিসে অনেক ধরনা দিয়েছি, কিন্তু পাইনি। গ্রামে একের পর এক গরু খুরারোগে মারা গেলেও কোনো ডাক্তার এলাকায় আসেননি।’
একই গ্রামের খামারি ছাদেকুল ইসলাম জানান, ১৫ দিনের ব্যবধানে তাঁর প্রায় আড়াই লাখ টাকা দামের চারটি বিদেশি গাভি খুরারোগে মারা গেছে।
শাহাপুর গ্রামের জিয়াছমিন বেগম বলেন, তাঁর একটি দুধেল গাভি খুরারোগে আক্রান্ত হয়েছে। কিন্তু গত বুধবার উপজেলা প্রাণিসম্পদ অফিসে গিয়ে তিনি কোনো ভ্যাকসিন পাননি। বাধ্য হয়ে তিনি বাজার থেকে ভ্যাকসিন কিনে গরুকে দিয়েছেন।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, খুরারোগের লক্ষণ হচ্ছে গরুর মুখে ও পায়ের নিচে খুরায় ঘা হয়, ফোসকা পড়ে। মুখ দিয়ে লালা পড়তে থাকে। জ্বর আসে। এ কারণে গরু খেতে পারে না। এ রোগে গরুর বাছুরের হৃৎপিণ্ড সহজেই আক্রান্ত হয়ে পড়ে। এতে বাছুর গরু বেশি মারা যায়।
গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘যত বলা হচ্ছে তত গরু মারা যায়নি। উপজেলায় গত ১৫ দিনে ১০-১২টি গরু খুরারোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর আমাদের কাছে আছে। ’ কৃষকদের অভিযোগ সম্পর্কে বলেন, ‘আপাতত খুরারোগের প্রতিষেধক ওষুধ অফিসে বরাদ্দ নেই। আমার অফিসে মাত্র তিনজন মাঠকর্মী। এই তিন মাঠকর্মীর পক্ষে প্রত্যেক কৃষকের বাড়িতে যাওয়া অসম্ভব। তবে অনেকের বদ্ধমূল ধারণা, ভ্যাকসিন দিলেই গরু খুরারোগ থেকে মুক্ত থাকবে বা ভালো হবে, এটা ঠিক নয়। এটি ভাইরাসজনিত রোগ। বাতাসে ১০০ কিলোমিটার পর্যন্ত এ রোগ ছড়ায়।’ আক্রান্ত গরুকে বাইরে বের না করা এবং বিক্রির জন্য বাজারে বা চিকিৎসার জন্য হাসাপাতালে না আনার পরামর্শ দিয়েছেন তিনি।
ওই চিকিৎসক আরও জানান, খুরারোগে গরু আক্রান্ত হলে শতকরা দুই ভাগ খাওয়ার সোডা দিয়ে গরুর মুখ ও পায়ের ক্ষতস্থান পরিষ্কার করতে হবে এবং একই পরিমাণ খাওয়ার সোডা আধা লিটার করে ১২ ঘণ্টা পরপর সর্বোচ্চ ছয়বার গরুকে খাওয়াতে হবে। প্রয়োজনে অ্যান্টিবায়োটিকসহ অন্য ওষুধও চিকিৎসকের পরামর্শ নিয়ে আক্রান্ত গরুকে প্রয়োগ করতে হবে।