১৬ দিনের বন্ধে সুদের হার অর্ধেক করার দাবি ইনভেস্টরস ফোরামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি আগস্ট মাসের ৩১ দিনের মধ্যে ১৬ দিনই দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকছে। এ কারণে এই মাসে বিনিয়োগকারীদের ঋণের সুদের হার অর্ধেক করার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের নেতারা। তাঁরা এ ব্যাপারে মার্চেন্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্রোকার হাউসগুলোকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। গতকাল শনিবার এক বিবৃতিতে ওই ফোরামের নেতারা এ কথা বলেন। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন: ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক এম এ কাদের, খোরশেদ আলম, সদস্যসচিব রানা বিশ্বাস প্রমুখ। বিবৃতিতে বলা হয়, পুঁজিবাজার স্বাভাবিক হবে, সেই প্রত্যাশায় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি না করে ধারদেনা করে ঈদের খরচ জোগাড় করছেন। এ অবস্থায় ঋণদানকারী প্রতিষ্ঠান বন্ধের দিনগুলোতেও ঋণের ওপর ১৫ থেকে ২০ শতাংশ হারে সুদ গ্রহণ করলে তা বিনিয়োগকারীদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো হবে। ইনভেস্টরস ফোরামের নেতারা বিবৃতিতে আরও বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রত্যাশা করছিলেন, এবারের রমজানের ঈদ অন্তত গত বছরের চেয়ে আনন্দময় হবে। প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ ঘোষণাসহ সরকার, এসইসি, মার্চেন্ট ব্যাংক, আইসিবিসহ বাজারসংশ্লিষ্ট নানা পক্ষের বিভিন্ন ধরনের আশাবাদী উদ্যোগ তাঁদের মধ্যে আশার সঞ্চার করেছিল। কিন্তু তাঁরা অবাক হয়ে দেখেছেন, সব উদ্যোগই ছিল কেবলি লোক দেখানো।