প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৬ জুলাই পুনঃ ভোট গ্রহণ করা হবে। ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় আবার এ ভোটের আয়োজন করা হচ্ছে।নির্বাচন কমিশনের সিলেট আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ জুন অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থী জামাল আহমদ ও আবদুল মুহিত জাবেদ এক হাজার ৬৭৭টি করে ভোট পান। তাই তাঁদের মধ্যে আবার ভোট হবে। ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সিলেটের সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম গতকাল রোববার প্রথম আলোকে জানান, ৬ জুলাই ওয়ার্ডের চারটি কেন্দ্রে পুনঃ ভোট গ্রহণ করা হবে। এখানে মোট ভোটারসংখ্যা আট হাজার ৪০১ জন। নির্বাচনের ৭২ ঘণ্টা আগে দুই প্রার্থীকে প্রচারণা শেষ করতে হবে।