১৬ পরিবার অন্ধকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীন কেন্দুয়া উপজেলার একটি গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। এতে ১৬টি পরিবার দুই সপ্তাহ ধরে ভোগান্তি পোহাচ্ছে।
গ্রাহক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমজানের প্রথম দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামের পূর্বপাড়ার আবাসিক গ্রাহকদের ৫ কেভির ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যায়। এতে ওই ট্রান্সফরমারের অধীন অন্তত ১৬টি পরিবার অন্ধকারে রয়েছে। এতে চরম ভোগান্তির মধ্যে আছে তারা। ওই পরিবারগুলোর পক্ষ থেকে এ ঘটনা পল্লী বিদ্যুতের স্থানীয় সাহিতপুর অভিযোগ কেন্দ্র এবং কেন্দুয়া আঞ্চলিক কার্যালয়ের কর্তৃপক্ষকে জানানো হলেও তাতে কোনো কাজ হয়নি।
ওই গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বিদ্যুতের অভাবে দুই সপ্তাহ ধরে অন্তত ১৬টি পরিবার কী যে কষ্টের মধ্যে রয়েছে, তা ভাষায় বোঝানো যাবে না। সর্বশেষ আজও (গতকাল বুধবার) কেন্দুয়া আঞ্চলিক কার্যালয়ের কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।’
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের সাহিতপুর অভিযোগ কেন্দ্রের দায়িত্বে থাকা লাইনম্যান জয়েনউদ্দিন প্রথম আলোকে বলেন, দুজন গ্রাহক বৈদ্যুতিক পানির মোটর ব্যবহার করায় অতিরিক্ত লোডে ৫ কেভির ট্রান্সফরমারটি বিকল হয়ে গেছে। সেটি মেরামতের জন্য তাঁদের ১৩ হাজার ১০০ টাকা জমা দিতে বলা হয়েছে। এরপর সেখানে ১০ কেভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারের ব্যবস্থা করা হবে।