উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে নির্মাণাধীন ফ্ল্যাটগুলোর মধ্যে প্রায় ১ হাজার ফ্ল্যাট এখনো বিক্রি হয়নি। অথচ রাজউক নতুন করে আরও ১০০টি ভবনে ৮ হাজার ৪০০ ফ্ল্যাট তৈরির উদ্যোগ নিচ্ছে। এ প্রকল্পে অর্থায়ন করতে গিয়ে রাজউকের রাজস্ব এবং মূলধন খাতের চলমান অন্তত ১৬টি প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হিসাব বিভাগ থেকে আর্থিক টানাপোড়েনের আশঙ্কার কথা জানিয়ে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদনও দেওয়া হয়েছে। প্রকল্পের এ ব্লকে ৬ হাজার ৬৩৬টি ফ্ল্যাটের কাজ এখনো শেষ হয়নি। এর পেছনে ২ হাজার ৮৫১ কোটি টাকা খরচ হয়ে গেছে। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়েছে রাজউকেরই অন্য তহবিল থেকে। গত ২৯ জুন পর্যন্ত সেগুলোর মধ্যে সাড়ে ৫ হাজার ফ্ল্যাট বিক্রি হয়েছে। ২০১২ সালে নির্মাণকাজ শুরুর পর এখন পর্যন্ত মাত্র ৮৪০টি ফ্ল্যাট সম্পূর্ণ প্রস্তুত করা সম্ভব হয়েছে।
উত্তরার এই প্রকল্পে পরের ধাপে নতুন করে ১০০টি ১৬ তলা ভবন হবে ‘বি’ ও ‘সি’ ব্লকে। মালয়েশিয়া সরকারের মাধ্যমে (সরকারের সঙ্গে সরকার পদ্ধতিতে) এই দুই ব্লকে ভবন নির্মাণ করতে ৫ হাজার ৩০০ কোটি টাকা খরচ হবে। হিসাব বিভাগ থেকে জানানো হয়, নির্মাণকাজ শুরুর সাড়ে তিন বছরের মধ্যে রাজউকের রাজস্ব খাত থেকে এই প্রকল্পে অর্থায়ন করা হবে। শুরুর পর চতুর্থ বছর পর্যন্ত ৮ হাজার ৪০০ ফ্ল্যাটের সব কটিও যদি বিক্রি হয়, তাহলেও আড়াই থেকে ৩ হাজার কোটি টাকার তাৎক্ষণিক তহবিল ঘাটতি থাকবে, যা অন্য প্রকল্পের অর্থায়ন থেকে মেটাতে হবে।
প্রকল্পটি এগিয়ে নিলে রাজউকের রাজস্ব খাতের যে ছয়টি চলমান প্রকল্পে অর্থায়ন ক্ষতিগ্রস্ত হবে সেগুলো হলো মহাখালীতে রাজউকের নিজস্ব কার্যালয়ের জন্য ৩০ তলা গ্রিন বিল্ডিং প্রকল্প, গুলশান-বনানী-বারিধারা লেক প্রকল্প, ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা প্রকল্প (ড্যাপ), ব্যবস্থাপনা তথ্যপ্রযুক্তি আর্কাইভ (এমআইএস) প্রকল্প, জোনাল অফিস নির্মাণ প্রকল্প, কর্মকর্তা ও কর্মচারীদের বাসস্থান নির্মাণ প্রকল্প। এগুলোর উন্নয়নকাজ রাজস্ব খাতের উদ্বৃত্ত অর্থে ও স্থায়ী আমানত (এফডিআর) নগদীকরণ করে সচল রাখা হয়েছে।
আবার মূলধন খাতের ১০টি প্রকল্পও ক্ষতিগ্রস্ত হবে। এ খাতের সব অর্থ বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত হিসাবে জমা। এগুলো প্রকল্পের প্লট গ্রহীতাদের কাছ থেকে পাওয়া এবং খরচ হচ্ছে উন্নয়নকাজে। এগুলোর মধ্যে উত্তরা, পূর্বাচল এবং ঝিলমিল প্রকল্পের প্লট গ্রহীতারা ইতিমধ্যে ৮৫ শতাংশ কিস্তির টাকা পরিশোধ করেছেন। কিন্তু প্রকল্পগুলোর বাস্তব গড় অগ্রগতি মাত্র ৫০ শতাংশ।
বর্তমানে রাজউকের রাজস্ব ও মূলধন খাতে মোট ৩ হাজার ৭৮০ কোটি টাকা বিভিন্ন ব্যাংকে স্বল্প মেয়াদে স্থায়ী আমানত হিসাবে রক্ষিত আছে। এর মধ্যে রাজস্ব খাতে মোট স্থায়ী আমানতের পরিমাণ ৯৫৫ কোটি এবং মূলধন খাতে ২ হাজার ৮২৫ কোটি টাকা।
যোগাযোগ করা হলে রাজউকের চেয়ারম্যান আবদুর রহমান প্রথম আলোকে বলেন, অন্য প্রকল্প থেকে টাকা নিতে গিয়ে রাজউক হয়তো সাময়িকভাবে সমস্যায় পড়বে। তবে সময়ের আগেই তৈরি করা সব ফ্ল্যাট বিক্রি করা সম্ভব হবে বলে আশা করা যায়।
নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, জমির ব্যবসাই রাজউকের করা ঠিক নয়। এর ওপর করা হচ্ছে ফ্ল্যাটের ব্যবসাও। অ্যাপার্টমেন্ট প্রকল্পে ভুল ঠিকাদারকে কাজ দিয়ে শুরু থেকেই মানুষকে ঠকানো হয়েছে। এখন নতুন নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।
রাজউকের চেয়ারম্যান অবশ্য বলেন, রাজউকের বাধ্যবাধকতার মধ্যেই পড়ে যে মানুষের থাকার ব্যবস্থা করে দিতে হবে। নগরায়ণ করার দায়িত্ব রাজউকের।
১০০ ভবনের নতুন ফ্ল্যাটের প্রতি বর্গফুটের মূল্য ধরা হবে সাড়ে ৪ হাজার টাকা। এর মধ্যে ‘বি’ ব্লকে ১ হাজার ২৫০ বর্গফুটের (মূল) ফ্ল্যাট প্রায় সব মিলিয়ে ৯০ লাখ এবং ১ হাজার ৫০ বর্গফুটের ফ্ল্যাটের দাম প্রায় ৮০ লাখ টাকা পড়বে।