১৬ ফুটের বাঁধ এখন এক ফুট
ঘূর্ণিঝড় আইলার আঘাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদের ১৬ ফুট প্রস্থের বেড়িবাঁধ এক ফুটে পরিণত হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভাঙনের ফলে প্রতিনিয়ত জোয়ারের পানিতে এলাকা প্লাবিত হচ্ছে। এত কিছুর পরও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো ধরনের সংস্কারকাজ না করায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।সরেজমিনে দেখা গেছে, গত ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার, কানজর পাড়া, ঝিমংখালী, নিলার মৌলভীবাজার, ওয়াব্রাং, দমদমিয়া, লেদা, চৌধুরী পাড়া, লেদা, আলীখালী, রঙ্গি খালী, মেম্বার পাডা, টেকনাফেব কেরুনতলী, নাইট্যং পাড়া, চৌধুরী পাড়া, জালিয়া পাড়া, খোনকার পাড়া, নাজির পাডা, মৌলভী পাড়া, সাবরাং, নয়া পাড়া ও হারিয়াখালীর বেশ কয়েকটি স্থানে নাফ নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে অনেক গ্রাম প্লাবিত হচ্ছে প্রতিদিন। এ বেড়িবাঁধে ১৩টি স্লুইসগেট থাকলেও সেগুলোর মধ্যে ছয়টি ভরাট হয়ে গেছে। ফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।দেখা গেছে, টেকনাফ পৌরসভা, সদর ইউনিয়ন, সাবরাং, নিলা, হোয়াইক্যং ইউনিয়নের উপকূলীয় গ্রামগুলোর প্রায় ৪৫ কিলোমিটার বেড়িবাঁধ ২১টি স্থানে বিধ্বস্ত হওয়ায় প্রতিনিয়ত জোয়ারের পানি আসা-যাওয়া করছে। এতে করে অবশিষ্ট বাঁধও জরাজীর্ণ হয়ে পড়েছে। হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এলাকার বোরাক চিংড়িঘেরের মালিক মো. ইব্রাহিম ও টেকনাফে জালিয়া পাড়ার মেসার্স জাহাঙ্গীর এন্টারপ্রাইজের মালিক মো. ইলিয়াছ জানান, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের কারণে প্রতিনিয়ত জোয়ারের পানি ঢুকে চিংড়িঘের প্লাবিত হচ্ছে। চলতি শীত মৌসুমে প্রতিদিন জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় জালিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস প্রায় বন্ধ হয়ে গেছে। অনিশ্চিত হয়ে পড়েছে পাঁচ শতাধিক ছাত্রছাত্রীর লেখাপড়া। জোয়ারের সময় বিদ্যালয়ের বারান্দা ও মাঠের ভেতর দুই-তিন ফুট পানি জমে থাকে। ভাটার সময় স্কুলমাঠে হাঁটুপানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রধান শিক্ষক দিলদার বেগম জানান, জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রায় সময় হাঁটুপানি পাড় হয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি।পাউবো টেকনাফের উপসহকারী প্রকৌশলী আবু তালহা বলেন, আইলার আঘাতে উপজেলার ৪৫ কিলোমিটার এলাকার বেড়িবাঁধের ২১টি স্থানে ভেঙে যাওয়ায় প্রতিদিন ওইসব এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে। এ বেড়িবাঁধ ১৬ ফুট প্রস্থ থাকার কথা থাকলেও বর্তমানে বিভিন্ন স্থানে এক ফুটে পরিণত হয়েছে বলে তিনি স্বীকার করেন। তিনি আরও বলেন, সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, নাফ নদীসংলগ্ন বেড়িবাঁধ ভেঙে উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমি, লবণ মাঠ, স্কুল, বাড়িঘর প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে। আইলার আঘাতে ক্ষতিগ্রস্ত পুরো উপজেলার কিছু পরিমাণ চাল বরাদ্দ পাওয়া গেলেও তাতে কোনো কাজ হয়নি।