১৬ ফুটের বাঁধ এখন এক ফুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আইলার আঘাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদের ১৬ ফুট প্রস্থের বেড়িবাঁধ এক ফুটে পরিণত হয়েছে।পাশাপাশি বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভাঙনের কারণে প্রতিনিয়ত জোয়ারের পানিতে এলাকা প্লাবিত হচ্ছে। এর পরও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো ধরনের সংস্কারকাজ না করায় এলাকাবাসী আতঙ্কে দিন যাপন করছে।সরেজমিনে দেখা গেছে, ২০০৮ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার, কানজরপাড়া, ঝিমংখালী, হ্নিলার দমদমিয়া, লেদা, চৌধুরীপাড়া, আলীখালী, রঙ্গিখালী; টেকনাফের কেরুনতলী, নাইট্যংপাড়া, জালিয়াপাড়া, খোনকারপাড়া, সাবরাং, নয়াপাড়া ও হারিয়াখালীর বেশ কয়েকটি স্থানে নাফ নদের ১৬ ফুট প্রস্থের বেড়িবাঁধ এক ফুটে পরিণত হয়েছে।অন্যদিকে, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়ার বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে প্রতিদিন জোয়ারের পানি ঢুকে অনেক গ্রাম প্লাবিত হচ্ছে। উপকূলীয় এ বেড়িবাঁধে ১৩টি স্লুইসগেট থাকলেও সেগুলোর মধ্যে ছয়টি ভরাট হয়ে গেছে। এ কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।পাউবো সূত্র জানায়, উপজেলার পৌরসভা, সদর ইউনিয়ন, সাবরাং, হ্নিলা ও হোয়াইক্যং ইউনিয়নের উপকূলীয় গ্রামগুলোর প্রায় ৪৫ কিলোমিটার বেড়িবাঁধও জরাজীর্ণ হয়ে পড়েছে। হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এলাকার বোরাক চিংড়িঘেরের মালিক মো. ইব্রাহিম ও টেকনাফে জালিয়াপাড়ার মেসার্স জাহাঙ্গীর এন্টারপ্রাইজের মালিক মো. ইলিয়াছ জানান, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের কারণে প্রতিনিয়ত জোয়ারের পানি ঢুকে চিংড়িঘের প্লাবিত হচ্ছে।চলতি শীত মৌসুমে প্রতিদিন জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় জালিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস প্রায় সময় বন্ধ রাখা হচ্ছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিয়ারা বেগম জানান, জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রায় সময় হাঁটুপানি পার হয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন।পাউবো টেকনাফের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, আইলার আঘাতে উপজেলার ৪৫ কিলোমিটার এলাকার বেড়িবাঁধের কয়েকটি স্থান ভেঙে যাওয়ায় প্রতিদিন ওই সব এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে। এ বেড়িবাঁধ ১৬ ফুট প্রস্থ থাকার কথা থাকলেও বর্তমানে বিভিন্ন স্থানে এক ফুটে পরিণত হয়েছে বলে তিনি স্বীকার করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল ইসলাম বলেন, নাফ নদসংলগ্ন বেড়িবাঁধ ভেঙে উপজেলার বিভিন্ন স্থানের ফসলি জমি, লবণের মাঠ, স্কুল ও বাড়িঘর প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে। আইলার আঘাতে প্রায় ৪৫ কিলোমিটার বেড়িবাঁধও জরাজীর্ণ হয়ে পড়েছে।