১৬ বছর ধরে চাকরি করেও মেলেনি বেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালের ১ জানুয়ারি দেশের সব রেজিস্টার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। কিন্তু চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার তৎকালীন প্রাথমিক শিক্ষা কর্মকর্তার গাফিলতির কারণে কালচোঁ গ্রামে একটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়নি বলে অভিযোগ উঠেছে।
এতে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। বিদ্যালয়টির চারজন শিক্ষক ১৬ থেকে ২২ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা করছেন। বছরের পর বছর বেতন না পাওয়ায় তাঁরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিদ্যালয়টির নাম কালচোঁ মধ্যপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয় সূত্র জানায়, ওই চারজন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এবং সহকারী শিক্ষিকা হাছিনা আক্তার ১৯৯৮ সালের ১৪ ডিসেম্বর, শাহিদা আক্তার ১৯৯৪ সালের ২৪ ডিসেম্বর ও নাছিমা আক্তার ২০০০ সালের ১ জুলাই যোগদান করেন।
গ্রামের কয়েকজন বলেন, ১৯৯১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ সালে বিদ্যালয়টি অস্থায়ী নিবন্ধনভুক্ত হয়। ২০০৪ সালের ২৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের তৎকালীন বিভাগীয় উপপরিচালক ফরিদ আহমেদের সই করা চিঠির মাধ্যমে বিদ্যালয়টি স্থায়ী নিবন্ধনভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়ে ১৫১ জন শিক্ষার্থী রয়েছে।
প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘২০১০ সাল থেকে রেজিস্টার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের কাজ শুরু হয়। তখন শর্ত ছিল—২০১১ ও ২০১২ সালের সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া ছাড়া কোনো বিদ্যালয় জাতীয়করণের তালিকাভুক্ত হবে না। তখনকার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিস চিরান জাতীয়করণের জন্য আমাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় আমাদের ছাত্রছাত্রীদের অন্য প্রতিষ্ঠানের নামে পরীক্ষা দিতে বাধ্য করেন। এ কারণে আমরা জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছি।’
বর্তমানে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন আশিস চিরান। তাঁর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের বিষয়ে কথা বলার জন্য গতকাল শনিবার তাঁর মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি বলেন, সব শর্ত পূরণ করতে না পারায় তখন বিদ্যালয়টি তালিকাভুক্ত করা হয়নি। জাতীয়করণের জন্য টাকা দাবির অভিযোগের বিষয়ে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
সহকারী শিক্ষিকা শাহিদা আক্তার বলেন, ‘২২ বছর ধরে ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছি। একটার পর একটা অজুহাতে সরকারি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। ছেলেমেয়ে নিয়ে খুবই কষ্টে আছি।’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভাঙাচোরা একটি টিনের ঘরে চলছে বিদ্যালয়টির কার্যক্রম। শ্রেণিকক্ষে পর্যাপ্ত বেঞ্চ নেই। শিক্ষকদের বসার জন্য অফিস কক্ষ নেই। বিদ্যালয় প্রাঙ্গণের একমাত্র নলকূপটিও নষ্ট। প্রধান শিক্ষক প্রয়োজনীয় কাগজপত্র ও হাজিরা খাতা বাড়িতে নিয়ে রাখেন।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘এখন তৃতীয় ধাপে জাতীয়করণের কাজ চলছে। আমরা বিদ্যালয়ের সব কাগজপত্র মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছি। আশা করি এ ধাপে বিদ্যালয়টি জাতীয়করণ হবে। ওই সময় দায়িত্বরত শিক্ষা কর্মকর্তার অবহেলার কারণে তাঁরা এমপিওভুক্ত হতে পারেননি। পরে সমাপনী পরীক্ষায় অংশ নিতে না দেওয়ায় তাঁরা জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছেন।’