১৬ বছর ধরে ঝুলে আছে নলজুর সেতুর কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ষোল বছর ধইরা হুনছি (শুনেছি) পুলের কাম শুরু হইছে। হখনও কাম হর, (এখনো কাজ হচ্ছে) কোন দিন যে কাম শেষ হইব, বুঝতাম পাররাম না। মরবার আগে (জীবদ্দশায়) দেখে যেতে পারব কি না তাও জানি না।’ঘোষগাঁওয়ে নলজুর সেতুর কাজ শেষ না হওয়ায় হতাশার সুরে কথাগুলো বলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মজম্মিল আলী। এ রকম কষ্ট উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষের।এলাকাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলা সদরের সঙ্গে রানীগঞ্জ, পাইলগাঁও ও আশারকান্দি ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার নলজুর নদীর ঘোষগাঁও এলাকায় সেতু নির্মাণের উদ্যোগ নেয়। দরপত্র প্রক্রিয়া শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েল ট্রেনিং করপোরেশন সেতু নির্মাণের কাজ শুরু করে। তবে কিছুদিন পরই প্রতিষ্ঠানটি কাজ ফেলে চলে যায়। বিগত চারদলীয় জোট সরকারের আমলেও কাজ বন্ধ ছিল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর আবারও ওই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দরপত্র-প্রক্রিয়া শেষে ২০০৯ সালের শেষ দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান কামাল অ্যাসোসিয়েটকে সেতু নির্মাণের কাজ দেওয়া হয়। ১০ কোটি টাকা ব্যয়ে গত বছরের জুলাইয়ের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি যথাসময়ে কাজ শেষ করতে পারেনি। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এবং যথাসময়ে কাজ শেষ না করায় এলজিইডি কর্তৃপক্ষ কার্যাদেশ বাতিল করে। ফলে সেতুর নির্মাণকাজ আবারও ঝুলে যায়। সম্প্রতি আবারও নির্মাণকাজ শুরুর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতা ও ঠিকাদারদের দায়িত্বহীনতার কারণে নলজুর সেতুর কাজ ঝুলে ছিল। তবে পুনরায় কাজ শুরুর বিষয়ে স্থানীয় সাংসদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।’এলজিইডির উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘যথাসময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে পুনরায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে দরপত্র আহ্বান করা হয়েছে। বর্তমানে কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রীতি এন্টারপ্রাইজ। তারা আগামী বছরের ১৩ জুনের মধ্যে সেতুর কাজ সমাপ্ত করবে।’সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান বলেন, ‘নলজুর সেতু নির্মাণ আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। আমি কাজের সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। আশা করছি, আগামী জুনের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ হবে।’