১৬ বছর ধরে দুটি ইউনিয়নে ভূমি কার্যালয়ের ভবন নেই

ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ও মলংচড়া ইউনিয়নে প্রায় ১৬ বছর ধরে ভূমি কার্যালয়ের (তহশিল অফিস) স্থায়ী ভবন নেই। স্থায়ী কার্যালয় না থাকায় ফাইল ও নথিপত্র অরক্ষিত অবস্থায় পড়ে আছে। এদিকে কর্মকর্তাদের নিয়মিত না পাওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন জমির মালিকেরা।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে উপজেলার সোনাপুর ও মলংচড়া ইউনিয়নের ভূমি কার্যালয় দুটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ওই দুটি কার্যালয়ের কার্যক্রম অস্থায়ীভাবে একই উপজেলার চাঁদপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে চলত। কিন্তু চলতি বছরের ২০ মে ঘূর্ণিঝড় রোয়ানুতে ওই কার্যালয় বিধ্বস্ত হয়ে যায়। এরপর সোনাপুর ও মলংচড়া ইউনিয়নের কিছু কাগজপত্র-নথি উপজেলা ভূমি কার্যালয়ে রাখা হয়েছে। বাকি নথিপত্রের আলমারি এখনো খোলা আকাশের নিচে অরক্ষিত অবস্থায় পড়ে আছে।
মলংচড়া ইউনিয়নের আবুল হোসেন বলেন, জমির প্রয়োজনীয় কাগজপত্র কী অবস্থায় আছে, তা তাঁরা জানেন না। ঝড়ে কাগজ-দলিলপত্র নষ্ট হয়ে গেলে জমির মালিকদের অনেক ক্ষতি হবে।
সোনাপুর ও মলংচড়া ইউনিয়নের একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেঘনা নদীর ভাঙনে ২০০১ সালে ভূমি অফিস বিলীন হয়। ১৬ বছর পরও নতুন ভবন নির্মাণ করা হয়নি। তাঁদের কাজ উপজেলার চাঁদপুর ইউনিয়ন ভূমি অফিসে চলছিল। তাও ঝড়ে উড়ে যায়। গত সাত মাসেও ওই টিনশেডের ঘর সংস্কার করা হয়নি। এখন তাঁদের গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র খোলা আকাশের নিচে অরক্ষিতভাবে পড়ে আছে।
এদিকে স্থায়ী কার্যালয় না থাকায় ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের নিয়মিত পাওয়া যায় না। এ কারণে নামজারি, খাজনাসংক্রান্ত বিভিন্ন কাজ করতে ভোগান্তি পোহাচ্ছে এই দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ।
সোনাপুর ইউনিয়নের চরজহিরউদ্দিন গ্রামের আবদুল মালেক বলেন, ‘অফিস ভাইংগা যাওনের পর স্যারেগোরে ঠিক মতন পাওন যায় না।’ একই গ্রামের রফিকুল ইসলাম মুন্সি বলেন, ‘খাজনা দিতে আগে চাঁদপুর ইউনিয়ন যেতে হতো। এখন উপজেলা অফিসে যেতে হয়। ইউনিয়নে অফিস থাকলে এত কষ্ট করা লাগত না।’
সোনাপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন নাছির উদ্দিন। তিনি চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়ন ভূমি কার্যালয়ে প্রেষণে আছেন। উপজেলার চাচড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সোনাপুরের অতিরিক্ত দায়িত্বে আছেন। তিনি বলেন, ঝড়ে অস্থায়ী কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি ফাইলগুলো উপজেলা ভূমি কার্যালয়ে রাখা হয়েছে। পড়ে থাকা ফাইল ও কাগজপত্র কম গুরুত্বপূর্ণ। জায়গার স্বল্পতার কারণে ফেলে রাখা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, ভূমি কার্যালয় ভবন নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। রোয়ানুতে ক্ষতিগ্রস্ত ইউনিয়ন কার্যালয় সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।