১৬ বছর পর গালিমপুর ইউপি নির্বাচন কাল
১৬ বছর পর কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কাল বৃস্পতিবার এ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। সীমানা নিয়ে বিরোধ ও আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ওই ইউনিয়নে নির্বাচন হয়নি। বরুড়া উপজেলার ২০টি গ্রাম নিয়ে গালিমপুর ইউনিয়ন। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত তিনজন ও জামায়াত-সমর্থিত একজনসহ পাঁচজন প্রার্থী হয়েছেন। সাধারণ সদস্য পদে নয়টি ওয়ার্ডে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত সদস্য পদে তিনটি ওয়ার্ডে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মো. খলিলুর রহমান এবং সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের সদস্য রজবুন নেছা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. লিয়াকত আলী মজুমদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানিয়েছেন, এ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত তিন প্রার্থী হলেন মো. রবিউল আলম (কাপ-পিরিচ), আবু তাহের (মোটরসাইকেল) ও শামীম ইকবাল (দোয়াত-কলম)। এর মধ্যে রবিউলের বাড়ি গালিমপুর গ্রামে এবং আবু তাহের ও শামীমের বাড়ি ঘোষপা গ্রামে। জোড়পুকুরিয়া গ্রামের আলী আহাম্মদ (আনারস) জামায়াত-সমর্থিত প্রার্থী বলে দলীয় সূত্রে জানা গেছে।কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খান বলেন, গালিমপুর ইউনিয়নে ১২ হাজার ৩৮১ জন ভোট রয়েছেন। এর মধ্যে পুরুষ পাঁচ হাজার ৯৭৭ জন এবং নারী ছয় হাজার ৪০৪ জন। মোট নয়টি কেন্দ্রের ৩৬টি কক্ষে ভোট হবে।