১৬ বছর পর চট্টগ্রাম ভেটেরিনারিতে শহীদ মিনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে। আজ রোববার এ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে একটি শহীদ মিনার উদ্বোধন করা হচ্ছে। এ শহীদ মিনার নির্মাণের জন্য দুই বছর ধরে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করতে কেন দীর্ঘ ১৬ বছর লেগে গেল জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস মাহফুজুল বারি প্রথম আলোকে বলেন, ‘আমি গত ২৩ নভেম্বর দায়িত্ব নিয়েছি। এত দিন কেন শহীদ মিনার হয়নি, আমি জানি না। তবে দায়িত্ব নেওয়ার পরপরই বুঝেছি, শহীদ মিনার না থাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্ষোভ রয়েছে। এ ক্ষোভ প্রশমন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করে শহীদ মিনার নির্মাণের কাজ ত্বরান্বিত করি।’বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী শাহ মো. জিল্লুর রহমান বলেন, স্থপতি রবিউল হোসাইন শহীদ মিনারের নকশা করেন। শহীদ মিনার নির্মাণের বাজেট ধরা হয়েছে ৩৫ লাখ টাকা। মিনারের আশপাশের এলাকায় সৌন্দর্য বাড়ানোর কাজও করা হবে।