১৬ বছর পর চা বাগানের জমির ইজারা বাড়ল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ বছর পর চা-বাগানের জমির ইজারামূল্য বাড়িয়েছে সরকার। চলতি বছরে একরপ্রতি ১১০ টাকা থেকে বাড়িয়ে তা ৫০০ টাকা করা হয়েছে। ১৪ এপ্রিল (পয়লা বৈশাখ) থেকে নতুন এ মূল্য কার্যকর হবে। এদিকে, তুলনামূলকভাবে কম ইজারামূল্যের জন্য চা-বাগানের জন্য ইজারা নিয়ে অন্য উদ্দেশে জমি ব্যবহারের অভিযোগ উঠেছে।মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতি পাঁচ বছর পর পর ইজারা মূল্য পুনর্নির্ধারণ করার কথা থাকলেও গত ১৬ বছরে তা করা হয়নি। এত দিন ইজারামূল্য পুনর্নির্ধারণ না হওয়ায় চুক্তির নবায়নও তিন বছর ধরে বন্ধ রয়েছে।এদিকে, যাঁরা চা-বাগানের জমি চুক্তি অনুযায়ী ব্যবহার করছেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে, চা-বাগানের জন্য ইজারা দেওয়া জমিতে চা চাষ করা হচ্ছে না। ইজারামূল্য কম হওয়ায় ওই জমিতে রাবার ও ধান চাষ হচ্ছে। বালু উত্তোলনও করছেন কেউ কেউ। সংশ্লিষ্টরা বলছেন, চা-বাগান যতটা সম্প্রসারণ হওয়া উচিত ছিল, ততটা হচ্ছে না। প্রতিবছর আড়াই শতাংশ হারে নতুন জমি চা-বাগানের আওতায় আনার কথা থাকলেও চা চাষের জমি বাড়ছে না। বর্তমানে দেশে যে পরিমাণ চা উৎপাদিত হয়, তা দিয়ে শুধু অভ্যন্তরীণ চাহিদা মিটছে।ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘চা যেহেতু বাণিজ্যিকভাবে উৎপাদন হয়, সেহেতু জমির ইজারামূল্য আরও অনেক বেশি হওয়া প্রয়োজন।’ তিনি বলেন, যেসব চা-বাগান ইজারার আওতায় আসেনি, তদন্ত করে তা ইজারার আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে ও খাসজমির সর্বোচ্চ ব্যবহারের স্বার্থে ইজারার মেয়াদও যুক্তিসঙ্গতভাবে কমিয়ে আনা প্রয়োজন। এ ছাড়া ইজারা নবায়নের মেয়াদ ৪০, ৩০ ও ২০ বছরের পরিবর্তে আরও কমিয়ে আনতে হবে। ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (প্রশাসন) নেতৃত্বে ইজারামূল্যের হার পুনর্নির্ধারণের জন্য সম্প্রতি কমিটি গঠন করা হয়। ওই কমিটি ইজারামূল্য একরপ্রতি বার্ষিক ২০০ টাকা নির্ধারণের সুপারিশ করে। পরে পর্যালোচনা করে তা ৫০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। প্রসঙ্গত, ১৯৮৫ সালের ২০ জুলাই ভূমি মন্ত্রণালয় চা-বাগানের জমির ইজারা একরপ্রতি ১১০ টাকা নির্ধারণ করেছিল।