ফজলুর রহমানকে সভাপতি, মো. মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মো. ইসরাইল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট কিশোরগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এ কমিটির অনুমোদন দিয়েছেন বলে নিশ্চিত করেছেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অসীম সরকার বাধন। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো। নতুন কমিটিতে ১৭টি সহ-সভাপতির পদ রাখা হয়েছে। এর মধ্যে শরীফুল আলমকে ১ নম্বর সহ-সভাপতি করা হয়েছে। উল্লেখযোগ্য অন্য সহ-সভাপতিরা হলেন—মাসুদ হিলালী, ওয়ালীউল্লাহ রাব্বানী, আমিরুজ্জামান, আবদুর রাজ্জাক, শেখ মুজিবুর রহমান ইকবাল, লায়লা বেগম প্রমুখ।নতুন কমিটি গঠনের খবর প্রকাশ হওয়ার পর গতকাল জেলা বিএনপির দুটি অংশ শহরে পক্ষে-বিপক্ষে মিছিল করেছে। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে একটি পক্ষ শহরে আনন্দ মিছিল বের করে। অপর দিকে নতুন কমিটি প্রত্যাখ্যান করে অপর পক্ষ শহরের ইসলামীয়া সুপার মার্কেট প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। বিএনপির নেতা ফজলুর রহমান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ থেকে সাবেক শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুক ও নতুন কমিটির সভাপতি ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২০০৪ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন ওসমান ফারুককে সভাপতি ও ওয়ালী উল্লাহ রাব্বানীকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি গঠন করা হলেও পরবর্তী সময়ে আর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।সর্বশেষ ২০০৯ সালের প্রথম দিকে ফজলুর রহমানকে প্রধান করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একই বছরের ১ ডিসেম্বর দলের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমানের উপস্থিতিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন হয়। ওই সম্মেলনের দুই দিন আগে প্রতিপক্ষের হামলায় আহত হন ফজলুর রহমান। এ নিয়ে থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়। এর জের ধরে গত পৌর নির্বাচনের মাত্র এক দিন আগে মেয়র পদপ্রার্থী ও নতুন কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়। সম্মেলনের পর জেলা বিএনপির বিবদমান দুটি পক্ষ কেন্দ্রে অনুমোদনের জন্য দুটি কমিটির প্রস্তাব করে। এর প্রায় দেড় বছর পর জেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন দেওয়া হলো।