১৬ বছর পর হত্যা মামলার রায় ছয় ব্যক্তির যাবজ্জীবন
সিলেটের জৈন্তাপুরে দিনমজুরের কাজ শেষে বাড়ি ফেরার পথে গুলি করে শ্রমিক হত্যার মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ঘটনার প্রায় ১৬ বছর পর গতকাল বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মনজুরুল হক খান এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলো জৈন্তাপুরের ইসলাম উদ্দিন, খলিলুর রহমান, আবুল হোসেন, আবদুল হাশিম, ফখরুল ইসলাম ও নুরুল হক। এদের মধ্যে খলিলুর ও ইসলাম উদ্দিন কারাবন্দী। বাকিরা পলাতক। আদালত সূত্র জানায়, ১৯৯৬ সালের ১৩ সেপ্টেম্বর জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের হর্নি নোয়াগাও গ্রামের আবদুল মতলিব দিনমজুরের কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত প্রায় সাড়ে ১০টায় গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তাঁর ছেলে সাইদুল ইসলাম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করলে পুলিশ তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করে। দণ্ডাদেশপ্রাপ্ত ছয়জনের বিরুদ্ধে ১৯৯৭ সালের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচার কার্যক্রম শুরু হয়। ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।