১৬ বছর পরও বিচারের আশা ছাড়েননি স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মর্তুজা হত্যা
মর্তুজা হত্যা

মামলার প্রধান আসামি শিবির ক্যাডার হাবিব খান ঘটনার পর থেকে পলাতক। জামিনে গিয়ে পলাতক দুই আসামি। বিভিন্ন সময় নিহত হয়েছেন তিনজন। অন্য দুজন কারাগারে। বছরের পর বছর চলছে বিচারকাজ। বাবা দেখে যেতে পারেননি বিচার। তবু আশা ছাড়েননি স্বজনেরা—একদিন বিচার শেষ হবে, শাস্তির আওতায় আসবে খুনিরা।

এই মামলাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নিহত জে৵ষ্ঠ সহসভাপতি আলী মর্তুজা চৌধুরী হত্যার। ২০০১ সালের ২৯ ডিসেম্বর গ্রামের বাড়ি হাটহাজারীর ফতেয়াবাদ ছড়ারকূল এলাকায় একটি সেলুনে দুর্বৃত্তদের গুলিতে খুন হন তিনি। পরদিনই হাটহাজারী থানায় মামলা করেন তাঁর বড় ভাই ও ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী নাসের চৌধুরী। এতে আসামি করা হয় আটজনকে।
চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে বর্তমানে এই মামলার বিচার চলছে। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন আদালত।

১৬ বছরেও কেন আলোচিত এই মামলার বিচার শেষ হয়নি জানতে চাইলে চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, সাক্ষীরা না আসার কারণে বিচার শেষ করতে দেরি হচ্ছে। এখন সাক্ষ্য শেষ হয়েছে। আগামী ২৮ জানুয়ারি আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানির জন্য রয়েছে। এরপর আদালত রায় ঘোষণার দিন ধার্য করবেন। আশা করা যায় এবার আর দেরি হবে না।

ঘটনার দেড় বছর পর ২০০৩ সালের ১০ অক্টোবর মাসে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মর্তুজার বাড়িতে যান। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে সেদিন তিনি ক্ষমতায় এলে অপরাধীদের বিচারের আশ্বাস দেন।

মামলার বাদী আলী নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, মায়ের মৃত্যু হয় মর্তুজার আগে। বৃদ্ধ বাবা ছেলে হত্যার বিচারের অপেক্ষায় থাকতেন। ছয় বছর আগে বাবা মারা গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বাড়িতে এসে আশ্বাস দিলেও এখনো বিচার পাননি। আশায় আছেন খুনিরা শাস্তি পাবে।

পুলিশ ও আদালত সূত্র জানায়, তদন্ত শেষে পুলিশ ২০০৪ সালে এই মামলার অভিযোগপত্র দেয়। এতে আটজনকেই অভিযুক্ত করা হয়। আসামিদের মধে৵ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শিবির ক্যাডার হাবিব খান। জামিনে গিয়ে পলাতক মো. হাসান ও মো. ইসমাইল।

র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন সন্ত্রাসী গিট্টু নাসির, গণপিটুনিতে নিহত হন আইয়ুব আলী ওরফে রাশেদ এবং সন্ত্রাসীদের গুলিতে মারা যান সাইফুল ইসলাম। শিবির ক্যাডার তছলিম উদ্দিন ওরফে মন্টু ও মো. আলমগীর ওরফে বাইট্টা আলমগীর কারাগারে রয়েছেন।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, ১৬ বছরেও আলী মর্তুজা হত্যার বিচার না হওয়া দুঃখজনক। দ্রুত বিচার শেষ করে খুনিদের আইনের আওতায় আনা উচিত।