১৬ বছরেও কারাগার নির্মাণ শেষ হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলায় একটি নতুন কারাগার নির্মাণের কাজ শুরু হয়েছিল ১৯৯৭ সালে। পাঁচ বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে সেই কাজ গত ১৬ বছরেও শেষ হয়নি।
গণপূর্ত বিভাগের সুনামগঞ্জ কার্যালয় সূত্র জানায়, ১৯৯৬-৯৭ অর্থবছরে সারা দেশে একযোগে ১৯টি জেলায় একটি করে নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ প্রকল্পের অধীনে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও মৌলভীবাজারেও কারাগার নির্মাণের কথা ছিল। মৌলভীবাজারে কারাগার নির্মাণের কাজ শেষ। কিন্তু সুনামগঞ্জ জেলা কারাগারের কাজ আজও শেষ হয়নি। অথচ প্রকল্পের মেয়াদ ছিল পাঁচ বছর। বারবার সময় বাড়িয়েও গত ১৬ বছরে এ কাজ শেষ করা যায়নি।
সূত্র আরও জানায়, সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও এলাকায় ১০ একর জমির ওপর নতুন কারাগারটি নির্মাণ করা হচ্ছে। ৪০০ বন্দীর ধারণক্ষমতাসম্পন্ন এ কারাগার নির্মাণকাজে ১৩টি প্রতিষ্ঠান নিয়োজিত রয়েছে। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৭ কোটি ২২ লাখ ২৮ হাজার টাকা। এ পর্যন্ত বরাদ্দ পাওয়া গেছে ১০ কোটি ৮৭ লাখ টাকা। সর্বশেষ দেশে নির্মাণাধীন পাঁচটি কারাগারের প্রকল্প ব্যয় পুনর্নির্ধারণ করা হলে সেখানে সুনামগঞ্জ কারাগারের জন্য ব্যয় তিন কোটি বাড়িয়ে ২০ কোটি ২২ লাখ ২৮ হাজার টাকা ধরা হয়। এই প্রকল্প প্রস্তাবটি গত বছরের ২৩ ডিসেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু এখনো তা অনুমোদন পায়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কারাগারের অভ্যন্তরীণ রাস্তা, নালা, পুরুষ ও ডিভিশনপ্রাপ্ত (ভিআইপি) বন্দীদের সেল, হাসপাতাল ও মসজিদ নির্মাণের কাজ শেষ। শিশু-কিশোর ও নারী কয়েদিদের সেল নির্মাণের কাজ চলছে। বাকি আছে কারা কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ও প্রশাসনিক ভবন নির্মাণের কাজ। এ ছাড়া, সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক থেকে কারাগারে যাওয়ার সড়কটির ঢালাইয়ের কাজও শেষ হয়নি।
কারাগারের নির্মাণকাজে জড়িত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি খন্দকার মহিউদ্দিন বলেন, তিনি এখানে ২০০০ সাল থেকে কাজ করছেন। অর্থ বরাদ্দ না পাওয়ায় বারবার কাজ বন্ধ রাখতে হয়েছে। সম্প্রতি তিনি বলেন, প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে যে কাজ বাকি আছে তা তিন থেকে চার মাসের মধ্যে শেষ করা সম্ভব।
কারাগারসংলগ্ন হালুয়ারগাঁও গ্রামের বাসিন্দা খাদিজ আলী (৭০) বলেন, ‘আমরা ত শুনছিলাম জেলের কাম পাঁচ বছরের মধ্যে শেষ অইব। এখন তো দেখি ১৬ বছরেও শেষ অইল না। কাজ মাঝে মাঝে বন্ধ থাকে। আবার কয়দিন পর শুরু অয়। ই-লাই চলতাছে।’
সুনামগঞ্জ জেলা কারাগারের কারাধ্যক্ষ (জেল সুপার) ফণীভূষণ দেবনাথ বলেন, সুনামগঞ্জ কারাগারে বন্দী ধারণক্ষমতা ১০৩ জন। কিন্তু এখানে বন্দী আছে প্রায় ছয় গুণ। নতুন কারাগারটি চালু হলে এ চাপ অনেকাংশে কমে যেত।
গণপূর্ত বিভাগ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবু জাফর সিদ্দিক বলেন, ‘এমনিতে ৮০ ভাগ কাজ শেষ। বিদ্যুৎ, গ্যাস, পানির সংযোগ দেওয়া হয়েছে। নতুন প্রকল্পটি অনুমোদন হলে এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে আগামী অক্টোবরেই কাজ শেষ হয়ে যাবে। আশা করছি, এ বছরই কারাগারটি সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করতে পারব।’