১৬ বছরেও গণকবরে যাওয়ার রাস্তা হয়নি
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার বেলার মাঠের গণকবরে স্মৃতিসৌধ করার ১৬ বছরেও সেখানে যাতায়াতের রাস্তা নির্মাণ করা হয়নি। এ কারণে স্বাধীনতা ও বিজয় দিবসে গণকবর থেকে অনেক দূরে দাঁড়িয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে হয়।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সূত্রে জানা গেছে, আক্কেলপুর পৌর সদরে দুটি গণকবরের একটি আক্কেলপুর মহিলা কলেজসংলগ্ন বেলার মাঠে ও অন্যটি পশ্চিম আমুট্ট মহল্লায় বাসপাস সড়কের পাশে। বেলার মাঠের গণকবরে ১৯৯৬ সালে উপজেলা পরিষদের অর্থায়নে সঞ্চৃতিসৌধ নির্মাণ করা হয়। মুক্তিযোদ্ধারা জানান, গণকবর ভেতরে থাকায় স্বাধীনতা ও বিজয় দিবসে তাঁরা সেখানে গিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে পারেন না। যাতায়াতের রাস্তা নির্মাণের জন্য অনেক আগেই উপজেলা পরিষদ ও পৌরসভাকে জানানো হলেও কোনো কাজ হয়নি। উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক জানান, সেখানে রাস্তার জন্য উদ্যোগ নেওয়া হবে। পৌর মেয়র আলমগীর চৌধুরী জানান, সেখানে রাস্তা নির্মাণ করতে হলে জমি অধিগ্রহণ করতে হবে। তারপর পৌরসভা রাস্তা নির্মাণের চেষ্টা করবে।