১৬ বছরেও পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা-ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে মানুষের গমনাগমন (ইমিগ্রেশন) চালু হয়নি।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর বাংলাবান্ধা স্থলবন্দর নেপালের সঙ্গে ট্রানজিট রুট হিসেবে চালু করা হয়। তখন থেকেই নেপালের সঙ্গে বাংলাদেশের সীমিত আকারে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে। ২০১১ সালের ২২ জানুয়ারি কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও ভারতের অর্থমন্ত্রী (বর্তমানে রাষ্ট্রপতি) প্রণব মুখার্জি যৌথভাবে এ বন্দর দিয়ে দুই দেশের বাণিজ্য কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রণব মুখার্জি বলেন, আগামী তিন মাসের মধ্যে এই বন্দর দিয়ে ইমিগ্রেশন চালু করা হবে। মতিয়া চৌধুরী বলেন, শিগগিরই এই বন্দর দিয়ে মানুষ পারাপার চালু করা হবে। কিন্তু এই ঘোষণা আজও বাস্তবায়িত হয়নি।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক কাজী আল তারেক জানান, এ বন্দরে অবকাঠামো তৈরির কাজ অব্যাহত রয়েছে। মানুষের গমনাগমন চালু হলে বন্দরটি কার্যকর হবে।