রাজধানীর পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলার ১৬তম বার্ষিকী আজ। এ ঘটনায় করা দুটি মামলার আজও নিষ্পত্তি হয়নি। বর্তমানে মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।
মামলার বিচার বিলম্বের বিষয়ে সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি মো. সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত ৩০ জনের সাক্ষ্য জেরা শেষ হয়েছে। কিন্তু এই মামলার আসামি মুফতি আবদুল হান্নান ২১ আগস্ট এবং আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি হওয়ার কারণে বিচার নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে।
২০০১ সালের ২০ জানুয়ারি পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমাবেশে বোমা হামলা হয়। এতে সিপিবির পাঁচ নেতা-কর্মী নিহত হন। আজ সারা দেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২০১৪ সালের ২৪ জুন ঘটনার প্রায় ১৩ বছর পর এই মামলায় মুফতি হান্নানসহ ১৩ জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। আসামিরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা-কর্মী।
অভিযুক্ত আসামিরা হলেন জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান, শেখ ফরিদ ওরফে শওকত ওসমান, মুফতি আবদুল হাই, মুফতি শফিকুর রহমান, মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বির, জাহাঙ্গীর আলম ওরফে ওস্তাদ জাহাঙ্গীর বদর, মুফতি মাঈনুউদ্দীন শেখ ওরফে জান্দাল, রফিকুল ইসলাম ওরফে মিরাজ, মশিউর রহমান, নূর ইসলাম, আরিফ হাসান সুমন, মুহিবুল্লাহ মুত্তাকিন ও আনিসুল ইসলাম ওরফে মুরসালিন। তাঁদের মধ্যে দুই সহোদর মুরসালিন ও মুত্তাকিন বর্তমানে ভারতের তিহার কারাগারে আটক আছেন। এই দুজনসহ মুফতি হান্নান, শেখ ফরিদ, আবদুল হাই, শফিকুর রহমান, সাব্বির, জাহাঙ্গীর বদর, জান্দাল ও সুমন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলারও আসামি। আর নুর ইসলাম পুলিশ সদর দপ্তরের সাবেক কর্মী। মশিউর রহমান ও রফিকুল ইসলাম সরাসরি বোমা হামলায় জড়িত ছিলেন। আসামিদের সাতজন পলাতক রয়েছেন।