১৬ বছরেও বিচার নেই খুনিদের দ্রুত শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলফ্রেড সরেন
আলফ্রেড সরেন

আলফ্রেড সরেন হত্যার ১৬ বছর পরও বিচার না পাওয়ায় গতকাল বুধবার রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সারা দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের হত্যা, ধর্ষণ, নির্যাতন, হামলা, ভাঙচুর ও উচ্ছেদের ঘটনায় রাষ্ট্রের বিচারহীনতার প্রতিবাদেই মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচি পালন করা হচ্ছে জানিয়ে বক্তারা বলেন, ‘রাষ্ট্রকে বলতে বলতে আজ আমরা মূক হয়ে গেছি’। তাঁরা অবিলম্বে আলফ্রেড সরেন হত্যার বিচার ও হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।
আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতি ভূষণ মাহাতোর সভাপতিত্বে বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচিতে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো, সহসাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান প্রমুখ অংশ নেন।
মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলার সভাপতি কল্পনা রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক এনামুল হক, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস ও আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক উপেন রবিদাস।
২০০০ সালের ১৮ আগস্ট নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের আলফ্রেড সরেনকে হত্যা করে সন্ত্রাসীরা। আজ ওই ঘটনার ১৬ বছর পূর্ণ হলেও এ হত্যাকাণ্ডের বিচার হয়নি।