১৬ বছরেও বেতন মেলেনি তাই বিদ্যালয় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগেও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানটি ছিল দুই শতাধিক শিক্ষার্থীর পদচারণে মুখরিত। শিক্ষকেরা মনোযোগী ছিলেন পাঠদানে। ১৬ বছরেও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করার পর গত বছরের নভেম্বর মাস থেকে শিক্ষকেরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন। এ কারণে বিদ্যালয়ের কার্যক্রম ওই সময় থেকে বন্ধ।বিদ্যালয়টি ঝিনাইদহের সদর উপজেলার যাত্রাপুর গ্রামে। নাম যাত্রাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। পাঠদানসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকায় বিদ্যালয়ের চারপাশ এখন বন-জঙ্গলে ছেয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে স্থানীয় কয়েকজন শিক্ষানুরাগী যাত্রাপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। যাত্রাপুর গ্রামের বাসিন্দা আবদুল আজিজ মোল্লা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ৫৫ শতাংশ জমি দান করেন। স্থানীয় লোকজনের আর্থিক সহায়তায় ওই জমিতে একটি টিনচালার ভবন করা হয়। ভবনের মোট নয়টি কক্ষ ছিল। বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভাপতি শামছুর রহমান জানান, তাঁরা আটজন শিক্ষক ও তিনজন কর্মচারী নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করেন। ২০০২ সালে বিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম চালানোর অনুমতি পায়। কিন্তু দীর্ঘ ১৬ বছরেও বিদ্যালয়টি এমপিওভুক্ত করা হয়নি। এ কারণে প্রথম ২০০৯ সালে আসাদুজ্জামান নামের এক শিক্ষক চলে যান। ওই বছরের শেষ দিকে আশরাফ হোসেন ও ফজলুর রহমান নামের আরও দুই শিক্ষক চলে যান। ২০১০ সালে শিক্ষক ফাহিমা খাতুন নামে আরেক শিক্ষক চলে যান। ২০১১ সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর অন্য যে চারজন শিক্ষক ছিলেন তাঁরাও বিদ্যালয়ে আসা ছেড়ে দেন। গত বছরের নভেম্বরে বার্ষিক পরীক্ষার পর প্রধান শিক্ষক নাজমুন নাহার বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন। সরেজমিনে দেখা গেছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবনটি। সাতটি শ্রেণীকক্ষের মধ্যে অধিকাংশ কক্ষের রুমের দরজা ও জানালা ভেঙে গেছে। ভবনের চারপাশ জঙ্গলে ছেয়ে গেছে। শ্রেণীকক্ষের ভেতরে পথচারীরা প্রসাব-পায়খানা করছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার জানান, দীর্ঘ ১৬ বছরেও তাঁরা কোনো বেতন পাননি। এই অবস্থায় শিক্ষকেরা কীভাবে বেঁচে থাকবেন। এ জন্য তাঁরা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, তিনি কিছুদিন আগে এ উপজেলায় যোগদান করেছেন। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।