১৬ বছরেও মাধ্যমিক পর্যায়ের পাঁচজন এমপিওভুক্তি হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া মনোহরপুর উচ্চবিদ্যালয়ের সব শিক্ষার্থী পাস করেছে। পাসের হারে উপজেলা পর্যায়ে সেরা এই বিদ্যালয়। তবু এই বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্তি হননি। এতে গত ১৬ বছর ধরে সরকারি অংশের বেতন না পেয়ে শিক্ষক ও কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুল হক বলেন, ১৯৭৮ সালের ১ জানুয়ারি নলুয়া মনোহরপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ১৯৮০ সালের ৩১ মে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। ১৯৯৮ সালের ১ জানুয়ারি এ বিদ্যালয়ে নবম শ্রেণির কার্যক্রম শুরু হয়। ২০০০ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পায়। নবম শ্রেণি খোলার পর শর্ত অনুযায়ী চারজন শিক্ষক ও একজন নৈশপ্রহরী নিয়োগ করা হয়। কিন্তু গত ১৬ বছরেও তাঁদের এমপিওভুক্ত করা হয়নি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে এ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২১৮ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্রী ১৪৮ জন। বিদ্যালয়টিতে বর্তমানে ১০ জন শিক্ষক, একজন এমএলএসএস ও দুজন কর্মচারী রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী শিক্ষকেরা বলেন, ১৬ বছর ধরে শিক্ষার্থীদের পাঠ দিচ্ছেন। কিন্তু তাঁদের চাকরি এমপিওভুক্ত হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। বিদ্যালয় থেকে প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা করে দেওয়া হয়। ওই টাকা দিয়ে তাঁদের সংসার চলে না।
সহকারী শিক্ষক কামরুন্নাহার বলেন, ২০১৬ সালে এ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ছিল শতভাগ। ২০১৫ সালে ৯০ শতাংশ, ২০১৪ সালে ৭৫, ২০১৩ সালে ৮১ এবং ২০১২ সালে ৯২ শতাংশ। অন্যদিকে ২০১৫ সালে জেএসসিতে পাশের হার ছিল শতভাগ। ২০১৪ সালে ৯৭ শতাংশ, ২০১৩ সালে ৯৮ শতাংশ। ২০১২ সালে জেএসসিতে শতভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছিল।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ কে এম আবুল ফারাহ ভূঁইয়া বলেন, ‘এ বিদ্যালয়ের জন্য ১ একর ৭৫ শতক জায়গা আছে। অবকাঠামোও উন্নত। জেএসসি ও এসএসসি পরীক্ষায় পাসের হার সন্তোষজনক। কিন্তু মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের এমপিওভুক্ত করতে না পারায় বেতন চালাতে ভীষণ কষ্ট হচ্ছে। তার ওপর বেশির শিক্ষার্থী এখানে ফ্রি পড়ে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিদ্যালয়ের শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবি জানাচ্ছি।’
বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল বলেন, পাসের হারের দিক দিয়ে বরুড়া উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় প্রথম হয়েছে। পড়াশোনার মানও সন্তোষজনক। শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।