
মেহেরপুরের মুজিবনগর প্রকল্পের কাজ ১৬ বছরেও শেষ হয়নি। অযত্ন-অবহেলায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের বৃহৎ ম্যুরালসহ স্বাধীনতার স্মৃতিসংবলিত বিভিন্ন ভাস্কর্যে ফাটল দেখা দিয়েছে। সেই সঙ্গে অব্যবহৃত অবস্থায় নষ্ট হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জাম।
মেহেরপুর গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ বাবুর বিশাল আমবাগানে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। ঐতিহাসিক সেই স্মৃতি, মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাসমৃদ্ধ তথ্য ও নিদর্শন দেশবাসী ও বিদেশিদের কাছে মূর্ত করে তুলতে ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধভিত্তিক মুজিবনগর স্মৃতিকেন্দ্র স্থাপন প্রকল্প হাতে নেয়। প্রায় ৪২ একর জমির ওপর ৪৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ১৯৯৮ সালের জুন মাস থেকে প্রকল্পের কাজ শুরু হয়। ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পে নানা কাটছাঁট করা হয়। এরপর ২০০৬ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও হয়নি। পরে সময় বাড়িয়ে ২০১১ সাল করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ২০১১ সালের জুন মাসে প্রকল্পের শেষ দিকে তহবিলে প্রায় দুই কোটি টাকা ছিল। তখন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কাজ শেষ করতে প্রকল্প পরিচালক প্রদোষ কান্তি দাসের কাছে আরও প্রায় ৮২ লাখ টাকা চেয়েও পাননি। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরে প্রকল্প পরিচালক কাজ শেষ না করেই সরকারের তহবিলে দুই কোটি টাকা জমা দিয়ে প্রকল্প সমাপ্ত ঘোষণা করেন। এ ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ২০১২ সালে প্রকল্প পরিচালককে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরে কাজ শেষ করতে গত বছরের ফেব্রুয়ারিতে ৫ কোটি ৬৯ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। মোট ১১টি মন্ত্রণালয়ের অর্থায়নে এই প্রকল্পের কাজ চলছে। সরেজমিনে দেখা যায়, শুরুতেই ফোটার অপেক্ষায় থাকা চারটি কৃত্রিম শাপলা ফুলওয়ালা ফোয়ারায় পানি ও বিদ্যুৎ সংযোগ নেই। সংস্কারের অভাবে প্রায় প্রতিটি ভাস্কর্যে ময়লা জমেছে ও চিড় ধরেছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাস্কর্যটিতে বঙ্গবন্ধুর উঁচু করে তোলা আঙুলে ফাটল ধরেছে। সেই সঙ্গে কিছু অংশ ভেঙে গেছে। এ ছাড়া একটি ভাস্কর্যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানির পায়ের কাছের ভিত্তিপ্রস্তরে বড় ধরনের ফাটল ধরেছে। নিয়াজী-অরোরার আত্মসমর্পণের ভাস্কর্যটিতে চিড় ধরেছে।
এখানে ১৫০ কেভিএ একটি সাবস্টেশন, ১৫০ কেভিএ একটি জেনারেটর, চারটি সেন্ট্রিফিউগাল পাম্প, ২৪টি মেটাল হ্যালাউড লাইট ফিটিংস রয়েছে। তবে সেগুলোয় বিদ্যুতের সংযোগ নেই।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ বলেন, প্রকল্প প্রস্তাব অনুমোদন পেলেও কাজ শুরু নিয়ে অনিশ্চয়তা আছে। ভাস্কর্যগুলো মেরামত করা জরুরি। আর বৈদ্যুতিক সরঞ্জাম অনেক দিন পড়ে থাকায় এবং বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় নষ্ট হচ্ছে।
জেলা প্রশাসক মাহমুদ হোসেন জানান, প্রকল্পের পুরো কাজ সমন্বয় করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। কাজ দ্রুত বাস্তবায়ন ও ভাস্কর্যগুলো সংস্কারের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে।