>

বেহাল সড়ক—৬৮
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রায় গোটা সড়কজুড়েই গর্ত ও খানাখন্দ। প্রায় সবটুকুর পিচ উঠে গেছে। দেবে গেছে ২৫টি স্থান। ওই সড়কে যানবাহনে চড়লে ঝাঁকুনি লাগে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যাত্রীরা পথ চলছে আতঙ্ক নিয়ে। এ পথে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে এলাকার প্রায় ৫০ হাজার মানুষ।
এটি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব পৌরসভার টিঅ্যান্ডটি-বোয়ালিয়া সড়কের চিত্র। চার কিলোমিটার দীর্ঘ সড়কটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত।
পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কটি ২০০০ সালের জুনে পাকা হয়। এরপর এটি আর সংস্কার করা হয়নি। ওই পথে পৌরসভার বোয়ালিয়া, টিঅ্যান্ডটি, দূরগাঁও, নলুয়া, দীঘলদী, বারোঠালিয়া, ভাঙ্গারপাড়, দশপাড়া, রূপসী পল্লি ও নবকলসসহ ১৬টি মহল্লার ৫০ হাজার মানুষ যাতায়াত করে।
গত রোববার সরেজমিনে ঘুরে দেখা যায়, ওই সড়কের বোয়ালিয়া, টিঅ্যান্ডটি, দূরগাঁও, নলুয়া, রূপসী পল্লি ও আদর্শ স্কুল মোড় এলাকায় পিচ উঠে গেছে। ইট, বালু ও খোয়ার অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। কিছুদূর পরপর ছোট-বড় অসংখ্য গর্ত। সড়কটির ২৫টি স্থান দেবে গেছে। এসব স্থান দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দুর্ভোগ পোহাচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ।
ওই সড়কে নিয়মিত যাতায়াতকারী বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহেল আহমেদ বলেন, ‘এই রুটে গাড়িতে উঠলেই শুরু হয় লক্কড়ঝক্কড় ঝাঁকুনি। কয়েকটি স্থানে গাড়ি কাত হয়ে যায়। আতঙ্কে তটস্থ থাকি। আধা ঘণ্টার পথ পেরোতে লেগে যায় এক-দেড় ঘণ্টা। সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।’ পৌরসভার আদর্শ স্কুল এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই সড়কে চলাচল কঠিন হয়ে পড়েছে। ভাঙাচোরা সড়কটিতে যানবাহনে মালামাল আনা-নেওয়ায় অনেক কষ্টকর। তাঁর অভিযোগ, এটি সংস্কারের জন্য পৌরসভা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েও কাজ হয়নি।
পৌরসভার নবকলস এলাকার অটোরিকশার চালক মো. শুক্কুর আলী বলেন, ‘এনো গাড়ি চালাইলে প্রায়ই ইঞ্জিন নষ্ট অয়। দুর্ঘটনার ভয়ে মনে মনে আল্লারে ডাহি।’ মতলব পৌরসভার উপসহকারী প্রকৌশলী নাজমুল জিসান বলেন, বরাদ্দের অভাবে ১৬ বছরেরও বেশি সময় ধরে সড়কটি সংস্কার হচ্ছে না। পৌরসভার মেয়র আওলাদ হোসেন বলেন, এটি সংস্কার করতে প্রায় এক কোটি টাকা দরকার। বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সংস্কার শুরু হবে।