১৬ বছরেও সম্মেলন হয়নি নেতা-কর্মীরা বিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৬ বছরেও সম্মেলন না হওয়ায় রংপুর জেলা আওয়ামী লীগের রাজনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে। বিবদমান দুটি পক্ষের পৃথক কর্মসূচি পালনের কারণে নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলের একাধিক নেতা-কর্মী জানান, ১৯৯৭ সালে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। এরপর ২০০৬ সালের সেপ্টেম্বরে রংপুর টাউন হলে কমিটি গঠন নিয়ে বিবদমান দুটি পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে সম্মেলন পণ্ড হয়ে যায়। এর পর থেকে গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমেই মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা চালানো হয়।
দলীয় সূত্র জানায়, ২০১১ সালের ফেব্রুয়ারিতে ঢাকা থেকে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে আবুল মনসুর আহম্মেদকে সভাপতি ও রেজাউল করিমকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। কমিটি প্রত্যাখ্যান করে ইলিয়াছ আহমেদকে সভাপতি ও রফিকুল ইসলাম ওরফে দুলালকে সাধারণ সম্পাদক করে স্থানীয়ভাবে আরেকটি কমিটি গঠন করে বিদ্রোহী পক্ষ। চলতি বছরের ২০ মে আবুল মনসুরের মৃত্যুর পর সহসভাপতি মমতাজ উদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।
এদিকে পাল্টা কমিটি গঠনের অভিযোগে ওই সময় জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় চার নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত জানিয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়। এতে বিবদমান দুটি পক্ষে বিরোধ আরও স্পষ্ট হয়ে ওঠে।
বিদ্রোহী কমিটি গঠনের কারণে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামের বিরুদ্ধে কেন্দ্র থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ব্যাপারে বিদ্রোহী পক্ষের নেতা রফিকুল ইসলাম বলেন, সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন না হওয়ায় সঠিক নেতার মূল্যায়ন হয়নি। ফলে মাঠপর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে স্থবিরতা দেখা দিয়েছে। এর পর থেকে কেন্দ্রঘোষিত বিভিন্ন কর্মসূচি আলাদাভাবে পালন করা হচ্ছে।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শামীম তালুকদার বলেন, দীর্ঘদিন কাউন্সিল না হওয়ায় নেতা-কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, বিদ্রোহী ওই চার নেতার নেতৃত্বে পৃথকভাবে কর্মসূচি পালনের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সেই সঙ্গে দলের স্বাভাবিক কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে। কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে।