১৬ বছরেও সেতু সংস্কার হয়নি, দুর্ঘটনার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৬৫ ফুট লম্বা সেতুটির সংস্কার ১৬ বছরেও হয়নি। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী l প্রথম অালো
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৬৫ ফুট লম্বা সেতুটির সংস্কার ১৬ বছরেও হয়নি। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী l প্রথম অালো

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বার্থী বটতলা থেকে ধুরিয়াইল পর্যন্ত ৬৫ ফুট লম্বা সেতুটি ১৬ বছর ধরে সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, গৌরনদী ও আগৈলঝাড়ার কৃষক পরিবারগুলো বর্ষা মৌসুমে নৌকায় ফসল পরিবহন করতে পারলেও বোরো মৌসুমে খাল শুকিয়ে গেলে ওই ফসল নিয়ে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে কৃষকেরা তৎকালীন চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর কাছে সেতু নির্মাণের দাবি করেন। তাঁর উদ্যোগে ১৯৯৮-৯৯ অর্থবছরে বার্থী ইউনিয়নের বার্থী বটতলা থেকে ধুরিয়াইল পর্যন্ত সড়কের ৭৫ ফুট বটতলা হারুন ফকিরের বাড়ির কাছে বরিশাল এলজিইডি স্বল্প ব্যয় প্রকল্পের আওতায় ১৫ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। এরপর কৃষকেরা টেম্পো, নছিমন, করিমন, ভ্যান ও টিলার ট্রাকের মাধ্যমে ফসল পরিবহন করা শুরু করেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কের মুখেই নির্মিত হয়েছে সেতুটি। সাতটি স্প্যানের লোহার কাঠামোর ওপরে আরসিসি ঢালাই (রডের ওপর পাথর ও সিমেন্টের ঢালাই) দিয়ে এটি নির্মিত। কিন্তু শুধু খুঁটির ওপর বিশাল ওজন নিয়ে সেতুটি দাঁড়িয়ে আছে। সেতুটির ফ্ল্যাট বার, অ্যাংগেল, ক্রস, ব্রাকেট, ওয়াটার বার, স্ক্রুগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে। রেলিং ভেঙে রড কেটে নিয়ে গেছে কে বা কারা।
বার্থী গ্রামের ফারুক ফকির, আবুল হাসেম হাওলাদার, মোস্তফা হাওলাদারসহ অনেকেই জানান, গৌরনদী উপজেলার বার্থী, পশ্চিম বার্থী, মাদ্রা, উত্তর মাদ্রা, ধুরিয়াইল ও গোরক্ষডোবা এবং আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকসী, ডুমুরিয়া ও ছোট ডুমুরিয়া গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। দুই উপজেলার ১০টি গ্রামের প্রায় ১০ হাজার কৃষক বোরো চাষ করেন। সেতু দিয়ে ফসল পরিবহন করেন। কিন্তু এখন তাঁরা আতঙ্কে আছেন কখন না সেতুটি ভেঙে পড়ে।
গ্রামের কৃষক তরুণী রায়, সুশীল রায়সহ অনেকেই বলেন, এবারের বোরো ধান খুব ভালো হয়েছে। আর মাত্র কিছুদিন পরেই ধান পাকবে। কিন্তু কীভাবে তাঁরা ফসল পরিবহন করবেন, এ নিয়ে দুশ্চিন্তায় আছেন।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ছোট ডুমুরিয়ার কৃষক রহমান ফকির বলেন, ‘সেতুতে উঠলে মোগো পরান দুরু দুরু করে, না জানি কহন সেতু ভাইঙ্গা ফসল নিয়া পরইরা মরি।’
এ প্রসঙ্গে বার্থী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান প্যাদা বলেন, সেতুটি সংস্কারের জন্য বহুবার উপজেলা সমন্বয় সভায় ও প্রকৌশলীকে বলা হয়েছে। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ নেননি।
গৌরনদী উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস বলেন, প্রকল্পটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দ সাপেক্ষে সেতুটি নতুনভাবে নির্মাণ করা হবে।