১৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
পিরোজপুরে দুটি মামলায় মোট ১৬ বছর সশ্রম কারাদণ্ড পাওয়া পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার কুমারখালী গ্রাম থেকে রায়হান সিকদার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
রায়হানের বাড়ি কুমারখালী গ্রামে। তাঁর বাবার নাম মন্টু সিকদার।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, রায়হান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে তোলা হবে।
পুলিশ জানায়, এক নারীকে অপহরণের অভিযোগে ২০১০ সালে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রায়হানকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এক ব্যক্তিকে হুমকির অভিযোগে ২০১৫ সালে পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত রায়হানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়হানের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।