১৬ বছরের পুরোনো নীতিমালায় চলছে টেলিযোগাযোগ খাত
টেলিযোগাযোগ খাতে গত এক দশকে ব্যাপক পরিবর্তন হলেও এর কার্যক্রম পরিচালিত হচ্ছে ১৬ বছরের পুরোনো নীতিমালা দিয়ে। এই খাতকে আধুনিক ও গতিশীল করতে পুরোনো এই নীতিমালার আমূল পরিবর্তন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান টেলিযোগাযোগ খাত যে নীতিমালা দিয়ে চলছে, তা ১৬ বছর আগে ১৯৯৮ সালে তৈরি করা হয়। ওই সময় নীতিমালায় কেবল টেলিফোনে কথা বলার মতো সেবাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েক বছরে দেশে ইন্টারনেটের প্রসারের ফলে ব্রডব্যান্ড, ইন্টারনেটভিত্তিক সেবা, তথ্য আদান-প্রদানসহ বিভিন্ন বিষয় যুক্ত হয়েছে। নীতিমালা পুরোনো হওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট কোনো ধারণা বা কর্মপরিকল্পনা ঠিক করা যায়নি। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির হিসাব অনুসারে দেশে বর্তমানে মোবাইলের গ্রাহকের সংখ্যা সাড়ে ১১ কোটির বেশি, ৩৭ লাখের বেশি মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন।
পুরোনো নীতিমালার বিষয়ে জানতে চাইলে টেলিযোগাযোগ বিশেষজ্ঞ আবু সাঈদ খান টেলিযোগাযোগ নীতিমালার আমূল পরিবর্তনের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, নতুন নীতিমালা না থাকায় ডিজিটাল অগ্রগতি যতটুকু হওয়ার কথা ছিল, তা সুপরিকল্পিতভাবে হয়নি। টেলিযোগাযোগের কার্যক্রমকে সঠিকভাবে চালাতে একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করতে হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমান টেলিযোগাযোগ নীতিমালার অধীনে ২০০১ সালে টেলিযোগাযোগ আইন হয়েছে। ২০১০ সালে এটি সংশোধিত হলেও নীতিমালার কোনো পরিবর্তন হয়নি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, টেলিযোগাযোগ খাতে সরকার কীভাবে কাজ করে, তা বিনিয়োগকারীরা যেমন জানতে চান, তেমনি সেবা গ্রহীতারাও এ বিষয়ে স্পষ্ট হতে চান। বর্তমান নীতিমালায় এটি অপেক্ষাকৃত কম রয়েছে। এ জন্য নীতিমালায় পরিবর্তন আনা অত্যন্ত প্রয়োজন।
টেলিযোগাযোগ-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বলেন, গত কয়েক বছরে সরকার রাজনৈতিকভাবে বেশ কয়েকটি টেলিভিশন, রেডিও, আন্তর্জাতিক গেটওয়েসহ (আইজিডব্লিউ) অনেক বিভাগে নিবন্ধন বরাদ্দ দিয়েছে। তরঙ্গ বরাদ্দের ক্ষেত্রে নীতিমালা সঠিকভাবে মানা হয়নি। এতে কেউ কেউ অল্প সময়ের জন্য অনেক লাভবান হলেও গোটা শিল্পে অস্থিরতা নেমে এসেছে। একটি উপযোগী নীতিমালা থাকলে এ ধরনের ঘটনা কম হতো বলে মনে করেন তাঁরা।
গত কয়েক বছরে কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের সঙ্গে টেলিযোগাযোগ খাতের বিভিন্ন কার্যক্রম যুক্ত হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে এই খাতগুলো নতুন এক জগতে প্রবেশ করেছে। টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, টেলিযোগাযোগের মাধ্যমে এই খাতগুলোকে কীভাবে আরও ভালোভাবে ব্যবহার করা যায়, তা নতুন নীতিমালা যুক্ত হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে টেলিযোগাযোগসচিব আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, আগের টেলিযোগাযোগ নীতিমালাটি বর্তমান সময়ের জন্য অনেক বিষয়ে অস্পষ্ট। তাই নতুন করে নীতিমালা করার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। নতুন নীতিমালা হলে এসব অস্পষ্টতা দূর হবে।