১৬ বাংলাদেশিকে ফেরত আনতে মিয়ানমার যাচ্ছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা ১৬ জন বাংলাদেশিকে ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধি দল আগামীকাল বৃহস্পতিবার সকালে মিয়ানমার যাচ্ছেন। মিয়ানমারের মংডু শহরের অভিবাসন কেন্দ্রে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খাঁন আজ বুধবার রাত আটটায় প্রথম আলোকে বলেন, মিয়ানমারে বিভিন্ন অপরাধে সাজা শেষ হওয়া ১৬ বাংলাদেশিকে ফেরত দেওয়ার জন্য একটি ঠিকানা সংবলিত তালিকা দিয়ে চিঠির মাধ্যমে জানিয়েছে সে দেশের কর্তৃপক্ষ। ১৬ জনের তালিকাটি চিঠিসহ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তালিকার সূত্র ধরে যাচাই-বাছাইয়ের পর দুই মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ায় কাল সকালে ৪২ বিজিবির উপপরিচালক ক্যাপ্টেন মো. আজাহারুল আলমের নেতৃত্বে বাংলাদেশের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল মিয়ানমার যাবেন। প্রতিনিধিদলে বিজিবি ছাড়াও জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্রতিনিধি সফর সঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন।
আবদুল হান্নান খাঁন বলেন, বৈঠকে মিয়ানমারের নেতৃত্বে দেওয়া কথা রয়েছে সে দেশের বর্ডার গার্ড পুলিশ ও অভিবাসন কেন্দ্রের কর্মকর্তারা। সকালে বাংলাদেশ প্রতিনিধি দল টেকনাফ স্থলবন্দরের অভিবাসনের জেটি দিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করবেন।