১৬ বাংলাদেশিকে ফেরত দিল মিয়ানমার
মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা খাটা ১৬ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে মিয়ানমার অভিবাসন বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মিয়ানমার মংডু টাউনশিপের ১ নম্বর পয়েন্ট অব এন্ট্রি অ্যান্ড এক্সিটের সম্মেলন কক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার অভিবাসন বিভাগের মধ্যে এক পতাকা বৈঠকের পর এ ১৬ জনকে হস্তান্তর করা হয়। বৈঠক চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত।
এর আগে সকাল নয়টার দিকে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল মিয়ানমারের উদ্দেশে টেকনাফ ত্যাগ করে। ওই দলের নেতৃত্ব দেন টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন উপপরিচালক ও প্রতিনিধি দলের প্রধান ক্যাপ্টেন মো. আজাহারুল আলম। প্রতিনিধি দলে জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা ও পুলিশ সুপারের পক্ষে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন ছিলেন।
মিয়ানমারের পক্ষে ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিয়ানমার অভিবাসন বিভাগের সহকারী পরিচালক ইউ মিউ মিং অং। বৈঠক শেষে ১৬ বাংলাদেশি নাগরিককে বিজিবির প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়। পরে দুটি স্পিড বোটে করে তাঁদের টেকনাফ সীমান্ত ফাঁড়িতে আনা হয়।
এ সময় ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খাঁন স্থানীয় সাংবাদিকদের বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে ১৬ বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়েছে। তাঁরা সবাই কক্সবাজার জেলার বাসিন্দা। এদের মধ্যে চকরিয়ার দুজন, উখিয়ার একজন ও টেকনাফের ১৩ জন। তাঁদের টেকনাফ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি দলের প্রধান ক্যাপ্টেন মো. আজাহারুল আলম বলেন, পতাকা বৈঠকে দুই দেশে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধসহ যেকোনো সমস্যা সমাধানে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করার বিষয়ে একমত পোষণ করা হয়েছে।
ফেরত দেওয়া বাংলাদেশিদের মধ্যে ২০ বছরের সাজা খাটা সাবরাং নয়াপাড়ার জাগির হোসেন বলেন, ‘১৯৯৫ সালের জুন মাসে নাফ নদীতে আমিসহ তিনজন জেলে একটি নৌকায় মাছ শিকার করছিলাম। ওই দিন রাতে নাসাকা বাহিনীর সদস্যরা বাংলাদেশ জলসীমানায় ঢুকে অস্ত্রের মুখে আমাকে ধরে নিয়ে ২০ বছরের সাজা দেন। আজ স্বদেশে আসতে পেরে খুবই ভালো লাগছে। মিয়ানমারের কারাগারে আরও দেড় শতাধিক বাংলাদেশি নাগরিক মানবেতর জীবন-যাপন করছেন।’
শাহপরীর দ্বীপের নুরুল আলম বলেন, দালাল চক্রের খপ্পরে পড়ে ২০১২ সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময় ৯০ জন যাত্রীসহ তাঁদের ট্রলারটি বিকল হয়ে যায়। ছয় দিন ভাসমান থাকার পর মিয়ানমার নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা তাঁদের উদ্ধার করে বিভিন্ন মেয়াদে সাজা দেন।