১৬ বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলায় ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জীর্ণশীর্ণ। প্রায় দুই বছর ধরে এসব বিদ্যালয়ের আড়াই হাজার শিক্ষার্থীর পাঠদান চলছে ঝুঁকি নিয়ে। এ ছাড়া তিনটি বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ওই সব বিদ্যালয়ে পাঠদান করা হয় খোলা আকাশের নিচে। এতে এসব বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৭১টি। এর মধ্যে ২০১৫ সালের জানুয়ারিতে ১৬টি ভবন ঝুঁকিপূর্ণ এবং তিনটি ভবন পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়। ২০১৪ সালে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ের প্রকৌশলীরা এসব বিদ্যালয়ের ভবন পরিদর্শন করে সেগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। পরে এ বিষয়ে তাঁরা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রতিবেদন জমা দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা কার্যালয় আয়মা, মধ্য সাদিপুর, বড় ভবানীপুর, দূর্গাপুর, কাজলা, পূর্ব প্রসন্নকাপ, মালচোয়া, ছিডগাঁও, এনায়েতপুর, সৈয়দপুর, কড়ইয়া, পশ্চিম আকানিয়া, নলুয়া, চিলা মধ্যপাড়া, সারপাড় ও নলুয়া দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে হাতিরবন্দ, দারচর ও পূর্ব মাঝিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এই তিন বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৫৫৭।
হাতিরবন্দ ও দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদের মধ্যে ক্লাস করছে। ভবানীপুর ও দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, সেখানকার ছাদ ও দেয়ালে ছোট-বড় একাধিক ফাটল। ছাদ ভেঙে সুরকি, বালু ও পলেস্তারা খসে মেঝেয় পড়ছে। আতঙ্ক নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা।
হাতিরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার বলেন, তাঁর বিদ্যালয়ের ভবন দুই বছর ধরে পরিত্যক্ত। পাঠদানের জায়গা নেই। বিদ্যালয়ের ১৮৭ জন শিক্ষার্থীকে খোলা আকাশের নিচে পাঠ দিতে হচ্ছে। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের জানানো হয়েছে। ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও নুরুন্নাহার আক্তার জানায়, ‘আমাগো ক্লাসের জায়গা নাই। দুই বছর ধইরা মাঠে ক্লাস করতাছি। এতে খুবই কষ্ট অয়। পড়ালেহায়ও মন থাহে না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হেমায়েতুল ফারুক ভূঁইয়া বলেন, পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনের তালিকা ২০১৫ সালের জানুয়ারি মাসে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম বলেন, এসব বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বেশ কয়েকবার চিঠি পাঠানো হয়েছে।