১৬ বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে শিশুদের পাঠদান চলছে। ১০ মাস আগে এসব বিদ্যালয়ের ভবন কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু বিকল্প না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোতেই পাঠদান করা হচ্ছে।
গত বছরের ২৪ ডিসেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভা হয়। ওই সভায় ১৬টি বিদ্যালয়ের ভবনকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়। ভবনগুলো পুনর্নির্মাণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়। কিন্তু ১০ মাসেও ভবনগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাতেমা ফেরদৌসী বলেন, ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তালিকা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ এলে ভবনগুলো নির্মাণ করা হবে। আর ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে পাঠদানের সময় শিক্ষকদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, দক্ষিণ-পূর্ব কেরোয়া, চর পলোয়ান, উত্তর চরপাতা, উত্তর চর লক্ষ্মী, নাপিতের চর, উত্তর চর আবাবিল, চরপাতা, দক্ষিণ রায়পুর বি এন, চর বংশী, চর বংশী মজিদিয়া, সিকদারকান্দি, মধ্য সাগরদী, পূর্ব সাগরদী, গাইয়ার চর, রাখালিয়া আহাম্মদিয়া ও কেওড়াডগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো ঝুঁকিপূর্ণ।
চর পলোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির পাটোয়ারী বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের কারণে শিক্ষক-শিক্ষার্থী সবাই আতঙ্কে থাকেন। বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার বলা হয়েছে।
গত ২৫ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ-পূর্ব কেরোয়া, চর পলোয়ান, উত্তর চর আবাবিল ও পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদের বিম ও দেয়ালে বিশাল আকৃতির ফাটল। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। ছাদের রড দেখা যাচ্ছে। দরজা-জানালায় মরিচা ধরেছে। সামান্য বৃষ্টিতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি ঢুকে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়।
উত্তর চরপাতা ও পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী, আতঙ্ক নিয়ে প্রতিদিন তাদের বিদ্যালয়ে আসতে হয়। ক্লাস চলাকালে কিছুক্ষণ পরপর ভয়ে ছাদের দিকে তাকাতে হয়। কিছুদিন আগে পলেস্তারা খসে পড়ে তাদের চারজন সহপাঠী আহত হয়েছে।
দক্ষিণ-পূর্ব কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন বলেন, বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করতে হচ্ছে।