১৬ বিষয়ে কোনো শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি সিটি কলেজে ১৯ বিষয়ের মধ্যে ১৬টি বিষয়েই কোনো শিক্ষক নেই। এতে করে চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ কয়েকটি বিষয়ে খণ্ডকালীন শিক্ষক এনে পাঠদান চালালেও শিক্ষকসংকটের কারণে বেশির ভাগ বিষয়ে ক্লাস হচ্ছে না। বর্তমানে এই কলেজে একাদশ শ্রেণিতে ৫৪০ জন ও দ্বাদশ শ্রেণিতে ৩৭৯ জন শিক্ষার্থী রয়েছে।
গত ১২ মে কুমিল্লা গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে কুমিল্লা সরকারি সিটি কলেজ করে শিক্ষা মন্ত্রণালয়।
বর্তমানে কলেজে ১৯টি বিষয় রয়েছে। এর মধ্যে হিসাববিজ্ঞান বিষয়ে একজন সহকারী অধ্যাপক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে দুজন সহকারী অধ্যাপক এবং জীববিজ্ঞান বিষয়ে একজন প্রভাষক রয়েছেন। কলেজে বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, সমাজকর্ম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ভূগোল, যুক্তিবিদ্যা, ইসলাম শিক্ষা, উত্পাদন ব্যবস্থাপনা ও বিপণন, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা, কৃষি শিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান ও গণিত বিষয়ে কোনো শিক্ষক নেই। নিয়ম অনুযায়ী, প্রতিটি বিষয়ে ন্যূনতম একজন করে শিক্ষক থাকার কথা।
গত বৃহস্পতিবার সকালে কলেজের প্রাঙ্গণে কথা হয় বিজ্ঞান বিভাগের অন্তত ছয়জন শিক্ষার্থীর সঙ্গে। তারা বলে, বিজ্ঞান বিভাগে একজন মাত্র শিক্ষক রয়েছেন। শিক্ষকসংকটের কারণে তাদের ক্লাস হচ্ছে না। কলেজের নথিপত্র ঘেঁটে জানা গেছে, ১৯৬৬ সালে কুমিল্লা গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়। নগরের আশ্রাফপুর এলাকার ১ দশমিক ৫ একর জায়গার ওপর শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে ওঠে। তখন একজন অধ্যক্ষ, তিনজন সহকারী অধ্যাপক, চারজন প্রভাষক, দুজন চতুর্থ শ্রেণির কর্মচারীসহ ১০টি স্থায়ী পদ ছিল। তখনো শিক্ষকের অর্ধেক পদ খালি ছিল। সে সময় প্রতিষ্ঠানটিতে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ বিভাগে ৪০০ শিক্ষার্থী ভর্তি হতো।
গত ১২ মে শিক্ষা মন্ত্রণালয় সারা দেশের ১৬টি গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজের নাম পরিবর্তন করে। এর মধ্যে এই কলেজের নাম কুমিল্লা সরকারি সিটি কলেজ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব নাছিমা খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘নতুন এ কলেজে ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি প্রদান করা হলো।’ এরই পরিপ্রেক্ষিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. জামাল নাছের গত ৫ জুন এ কলেজে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকে ১৯টি বিষয়ে পাঠদানের অনুমতি দেন। এ সময় বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিকে আবশ্যিক বিষয় করে আরও ১৬টি বিষয় খোলার অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ৫৫০টি আসনে শিক্ষার্থী ভর্তির অনুমোদন হয়। এর মধ্যে বিজ্ঞানে ১৫০টি আসন, ব্যবসায় শিক্ষায় ২৫০ এবং মানবিকে ১৫০টি আসন রয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত শুধু মানবিক বিভাগে ১০টি শিক্ষার্থী আসন খালি ছিল।
কলেজের অধ্যক্ষ ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, ‘২০১২ সালের ১২ আগস্ট এই কলেজে অধ্যক্ষ পদে যোগদান করি। তখনো শিক্ষকের অর্ধেক পদ শূন্য ছিল। ইংরেজি বিষয়ে শিক্ষক নেই সাত বছর। যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সরকার বিশেষায়িত এই কলেজকে গত ১২ মে সাধারণ কলেজে উন্নীত করেছে। সংকট দূর করার জন্য বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং অর্থনীতি বিষয়ে চারজন খণ্ডকালীন শিক্ষক আনা হয়েছে। আরও শিক্ষক আনার প্রক্রিয়া চলছে। শিক্ষা মন্ত্রণালয় নিশ্চয়ই এ ব্যাপারে পদক্ষেপ নেবে।’