১৬ মাঝিমাল্লাসহ ট্রলার নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলার আট দিন ধরে নিখোঁজ। এই অবস্থায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন ওই ট্রলারের ১৬ মাঝিমাল্লার পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্র জানায়, ১৬ জানুয়ারি সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘির কাছারীপাড়ার আক্কাস উদ্দিনের মালিকানাধীন মাছধরা ট্রলার এফবি জাবেদা কক্সবাজার ৬ নম্বর ঘাট থেকে ১৬ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। ট্রলারের মাঝিমাল্লারা ২২ জানুয়ারি গভীর রাত পর্যন্ত বঙ্গোপসাগরের গুলিরধার এলাকায় মাছ ধরেন। ২৩ জানুয়ারি সকাল থেকে ট্রলারটির খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মাঝিমাল্লার মধ্যে আছেন ফাঁসিয়াখালী ইউনিয়নের তোফায়েল আহমদ (৩৪), লক্ষ্মীপদ জলদাশ (৪০), হলধর জলদাশ (৩০), অর্জুন জলদাশ (৩৫), সোনারাম জলদাশ (৩০), মিন্টু জলদাশ (৩২) ও মো. আমিন (৩০); সাহারবিল ইউনিয়নের শাহপুরা জলদাশপাড়ার মোহন লাল জলদাশ (২৭), সুখসেন জলদাশ (৩০) ও অনিল জলদাশ (৫০); কক্সবাজার পৌরসভার কুতুবদিয়াপাড়ার আমির উদ্দিন (৩৪), আবু ছিদ্দিক (৩৮) ও মো. কলিম উল্লাহ (২৯) এবং মহেশখালীর ধলঘাট এলাকার মোহাম্মদ হোছন (৪২)। এ ছাড়া ট্রলারে কুতুবদিয়ার দুজন মাঝিও ছিলেন।
গতকাল শুক্রবার বিকেলে ফাঁসিয়াখালী ইউনিয়নের জলদাশপাড়ায় গিয়ে দেখা যায়, নিখোঁজ মাঝিমাল্লার পরিবারের লোকজন কান্নাকাটি করছেন। অনেকের দিন কাটছে অনাহারে।
এফবি জাহেদার মাঝি লক্ষ্মীপদ জলদাশের স্ত্রী ফুলবালা জলদাশ (৩৬) বলেন, ‘আট দিন ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছি না। তিন সন্তান নিয়ে এখন আমি কী করব? কার কাছে গিয়ে খাবার চাইব?’
হলধর জলদাশের স্ত্রী নিত্যখুশি বালা, অর্জুন জলদাশের স্ত্রী শেফালি বালা, সোনারাম জলদাশের স্ত্রী রসবালা ও মিন্টু জলদাশের স্ত্রী গান্ধী বালাও কিছুক্ষণ পর পর কান্নায় ভেঙে পড়ছেন।
লক্ষ্মীপদ জলদাশের স্ত্রীর বড় ভাই হরিসেন জলদাশ বলেন, সাগরে নিখোঁজ মাঝিমাল্লাদের বসানো তিনটি বিহিঙ্গি জাল পাওয়া গেছে। কিন্তু ট্রলার ও ট্রলারে থাকা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ২২ জানুয়ারি রাতে আবহাওয়া খারাপ ছিল। তাঁর আশঙ্কা, স্রোতের প্রবল তোড়ে জালের সঙ্গে নৌকায় বাঁধা রশি ছিঁড়ে ট্রলারটি ভেসে গেছে।
নিখোঁজ জেলেদের পরিবারেরা ২৯ জানুয়ারি কক্সবাজার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, মাঝিমাল্লা নিখোঁজ থাকার বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। বিষয়টি কোস্টগার্ড খতিয়ে দেখছে।