১৬ মাস পর চালু হলো চক্ষু বিভাগের কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ মাস পর নীলফামারী আধুনিক সদর হাসপাতালের চক্ষু বিভাগের কার্যক্রম গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। চিকিৎসক সংকটের কারণে এত দিন এর কার্যক্রম বন্ধ ছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বেসরকারি সংস্থা সাইড সেভার্স ইন্টারন্যাশনালের সহযোগিতায় ২০০৫ সাল থেকে চক্ষু বিভাগে বিনামূল্যে ছানি অপসারণের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়। সপ্তাহের তিন দিনে ২৫-৩০ জন রোগীর চোখে অস্ত্রোপচার করা হতো। কিন্তু ২০১৩ সালের জুলাইয়ে হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ আতিকুজ্জামান বদলি হওয়ার পর নতুন চিকিৎসক না দেওয়ায় বিভাগের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সম্প্রতি স্বাস্থ্য বিভাগের অনুমতি নিয়ে রংপুর নর্দার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক (চক্ষু) ও বিভাগীয় প্রধান
শরিফুল আলম চৌধুরী স্বেচ্ছাশ্রমে সেবা দিতে রাজি হওয়ায় গতকাল থেকে বিভাগটি আবার চালু করা হয়।
শরিফুল আলম চৌধুরী বলেন, ‘দরিদ্র মানুষের সেবার উদ্দেশে সপ্তাহে এক দিন করে এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করব। সাইড সেভার্স ইন্টারন্যাশনালের সহযোগিতায় প্রতি সপ্তাহের মঙ্গলবার এখানে রোগীদের বিনা পয়সায় ছানির অস্ত্রোপচার করা হবে।’
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, নীলফামারীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন শরিফুল ইসলাম গতকাল সকালে ফিতা কেটে বন্ধ থাকা ওই বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রশীদ, চিকিৎসক দীলিপ কুমার রায় প্রমুখ।
এ সময় শরিফুল ইসলাম বলেন, সাইড সেভার্সের সহযোগিতায় এ বিভাগটি চললেও জনবল স্বাস্থ্য বিভাগের। গতকাল ছয়জনের চোখের ছানি অপসারণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।