১৬ মাস পর মিলল বে টার্মিনালের ছাড়পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বে টার্মিনালের জমি অধিগ্রহণের জন্য বন্দর কর্তৃপক্ষকে ছাড়পত্র দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আবেদনের ১৬ মাস পর জমি অধিগ্রহণ করতে এই অনাপত্তি ছাড়পত্র দিল সিডিএ।
গতকাল সোমবার দুপুরে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম নিজ কার্যালয়ে এই ছাড়পত্র তুলে দেন বন্দরের উপব্যবস্থাপক (ভূমি) জিল্লুর রহমানের কাছে। ছাড়পত্রে বন্দর থানা এলাকার মধ্যম হালিশহরে প্রস্তাবিত জমিতে বে টার্মিনাল ও বন্দর সুবিধাদি নির্মাণে ভূমি অধিগ্রহণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই বলে বলা হয়।
ছাড়পত্র পাওয়ার কথা জানিয়ে বন্দরের উপব্যবস্থাপক (ভূমি) জিল্লুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘ছাড়পত্র পাওয়ায় এখন জমি অধিগ্রহণ শুরু করতে বাধা নেই। প্রস্তাবিত বে টার্মিনাল এলাকায় ৯০৭ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হবে।’
বন্দর সূত্রে জানা যায়, গত বছর ফেব্রুয়ারি মাসে বে টার্মিনালের জন্য জমি অধিগ্রহণের বিষয়ে প্রশাসনিক অনুমোদন প্রদানের জন্য নৌ মন্ত্রণালয়ে চিঠি দেয় বন্দর। এক মাসের মধ্যেই নৌপরিবহন মন্ত্রণালয় জমি অধিগ্রহণের জন্য সরকারি অনুমোদন দেয়। এরপর মে মাসে জেলা প্রশাসনের কাছে জমি অধিগ্রহণের জন্য চিঠি দেওয়া হয়। জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করার আগে সিডিএ থেকে অনাপত্তি ছাড়পত্র নেওয়ার জন্য বলা হয় জেলা প্রশাসন থেকে। কিন্তু সিডিএ এত দিন ছাড়পত্র প্রদান না করায় টানা ১৬ মাস ধরে আটকে ছিল জমি অধিগ্রহণ প্রক্রিয়া।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘জমি অধিগ্রহণের জন্য ছাড়পত্র প্রদানের আগে বন্দর কর্তৃপক্ষকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল। যেমন আউটার রিং রোড ব্যবহার না করে বন্দর নিজস্ব সড়ক ব্যবহার করতে হবে। রোববার বন্দর পৃথক সড়কের নকশা জমা দেয়। এরপরই আজ সোমবার বে টার্মিনালের জমি অধিগ্রহণের জন্য ছাড়পত্র দেওয়া হয়।’
প্রস্তাবিত বে টার্মিনালে বন্দরসুবিধা নির্মাণে সমীক্ষা কার্যক্রম চলছে। প্রাথমিকভাবে ৯০৭ একর জমি অধিগ্রহণ করা হবে। চট্টগ্রাম বন্দরে যেসব সীমাবদ্ধতা আছে, প্রস্তাবিত বে টার্মিনালে সেসব নেই। ফলে এই টার্মিনালে দিন-রাত ২৪ ঘণ্টা জাহাজ ভেড়ানো যাবে। আবার বন্দরের চেয়ে বড় আকারের জাহাজ ভেড়ানো যাবে। সবকিছুই নির্ভর করছে সমীক্ষার ওপর।