১৬ মাসের কাজ তিন বছরেও শেষ হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তিন বছর ধরে ব্রিজটার দিক চায়া রইচি। এহনও ব্রিজির কাম শেষ হলো না। আমরা বাঁচে থাকতি মনে কয় ব্রিজটের ওপের দিয়ে হাটে যাবের পারবোলয়।’ কথাগুলো বলছিলেন পাবনার ফরিদপুর উপজেলার গুনাইগাছা গ্রামের বাসিন্দা রহমান আলী (৭০)।তিন বছর আগে ওই এলাকায় বড়াল নদীর ওপর একটি সেতু নির্মাণের কাজ শুরু হলেও তা এখনো শেষ হয়নি। ফলে নদীর পার্শ্ববর্তী চারটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেতুটি নির্মিত হলে ফরিদপুরের পঙ্গুলী, বিএলবাড়ী ও ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুরের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। সংশ্লিষ্ট দপ্তর সূত্র জানায়, ২০০৮ সালের ২ এপ্রিল এলজিইডির তত্ত্বাবধানে সেতুটির নির্মাণকাজ শুরু করে সরকার গোলাম মোহাম্মদ কোম্পানী লিমিটেড নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুর নির্মাণব্যয় ধরা হয় পাঁচ কোটি এক লাখ ৫২ হাজার টাকা। ২০০৯ সালের ১০ আগস্ট কাজ শেষ করার কথা। কিন্তু কিছু কাজ করার পরই ঠিকাদার এক কোটি ৫৪ লাখ টাকা তুলে কাজ বন্ধ করে দেন। গত ৪ মার্চ সরেজমিন দেখা গেছে, সেতুর প্রায় ৩০ শতাংশ কাজ হয়েছে। নদীর দুইপারে দুটি ও নদীর মাঝখানে দুটি পিলারের কাজ আংশিক শেষ হয়েছে। লোকজন নৌকায় করে নদী পার হচ্ছে। নদী পারের অপেক্ষায় থাকা বিএলবাড়ী গ্রামের আনোয়ার হোসেন বলেন, সেতুটির কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে উঠেছে। হালকা যানবাহন নিয়ে চলাচলের ক্ষেত্রে চরম অসুবিধায় পড়তে হয়। অনেক সময় নৌকার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। রাতে অনেক সময় নৌকা পাওয়া যায় না। ফরিদপুর উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ২০০৮ সালে সেতুটির নির্মাণকাজ শুরু হলেও সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর কাজ বন্ধ হয়ে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান অনেক কম দরে কাজটি নিয়েছিল বলে জানা গেছে। বর্তমানে কাজ করলে ঠিকাদারের আর্থিক ক্ষতির আশঙ্কা থাকায় কাজ বন্ধ করে রেখেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কয়েক দফা জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও ঠিকাদারকে পাওয়া যায়নি। এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের বলেন, আর্থিক কিছু জটিলতায় কাজটি বন্ধ ছিল। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে সেতুর কাজ পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। সেতুটির নির্মাণকাজ শেষ করার জন্য আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ঠিকাদারকে সময় দেওয়া হয়েছে।