পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা ও আশপাশের কয়েকটি এলাকায় পরিচালিত ভেজালবিরোধী বিশেষ অভিযানে কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
গতকাল মঙ্গলবার লালবাগ, মিটফোর্ড রোড, ওয়ারী, উত্তরা, কেরানীগঞ্জ ও সাভারে পৃথকভাবে এই অভিযান পরিচালিত হয়।
সাভারের হেমায়েতপুরে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই উৎপাদন ও সেগুলো ঝুড়িতে করে বিক্রির জন্য অনিক ফুড প্রডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকায় লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি, বিস্কুট ও কেক উৎপাদনের জন্য বনফুল অ্যান্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানকে তিন লাখ এবং ইসলাম বেকারি নামের আরেক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে অন্য ব্র্যান্ডের নকল সেমাই উৎপাদনের জন্য কেরানীগঞ্জ দরিসুর বাজারের সাগর ফুড প্রডাক্টসকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। লালবাগে পরিচালিত আরেক অভিযানে লাইসেন্স ছাড়া বিস্কুট উৎপাদনের জন্য নূর ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া উত্তরার দক্ষিণখানে অবৈধভাবে পানি বোতলজাত ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরেক অভিযানে পানি বিশুদ্ধকরণ পাম্প নকল করার দায়ে মিটফোর্ড রোডের দুই প্রতিষ্ঠানসহ চারজন ব্যক্তিকে ৫০ হাজার
টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ওয়ারীতে পরিচালিত অন্য অভিযানে নোংরা পরিবেশে ইফতারসামগ্রী তৈরির জন্য হোটেল সুপারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি