১৬ লাখ টাকা ব্যয়েও সময়ে গরমিল
তখন সকাল সাড়ে ১০টা। কিন্তু ঘড়ির কাঁটা আটকে আছে একটা ২৫ মিনিটে। প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে সংস্কারকাজের পরও সিলেট নগরের ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ি ফের বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এক মাস ধরে ঘড়ির কাঁটা সঠিক সময় নির্ধারণ করছে না। ঘণ্টাও ঠিকঠাক বাজছে না।গত ৩১ মার্চ ঘড়িতে সকালবেলা দুপুরের সময় নির্ধারণ করা অবস্থার বিষয়টি প্রত্যক্ষ করে অনেক দর্শনার্থী ও এলাকাবাসী বিরূপ মন্তব্য করেন। সংস্কারকাজের বছর ঘুরতে না-ঘুরতেই এ অবস্থা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। সিলেট সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দপ্তর এ জন্য বিদ্যুৎ বিভাগের ঘন ঘন লোডশেডিংকে দায়ী করছে। তবে বিদ্যুৎ বিভাগ এ দায়কে ‘হাস্যকর’ বলে অভিহিত করছে।ঐতিহাসিক তথ্যের বরাত দিয়ে সিলেট ইতিহাস-ঐতিহ্য-প্রকৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক আবদুল করিম জানান, যখন ঘড়ির অবাধ প্রচলন ছিল না, তখন জনসাধারণের সময় নির্ধারণের স্বার্থে জমিদার আলী আমজদ খান ১৮৭৪ সালে ওই ঘড়িঘর নির্মাণ করেন। লোহার খুঁটির ওপর ঢেউটিনের প্রাচীন নির্মাণশৈলীর প্রায় ৩০ ফুট উঁচু স্থাপনার মধ্যে দর্শনীয় কায়দায় স্থাপন করা হয় ঘড়িটি। তখন থেকে এটি আলী আমজদের ঘড়ি নামে পরিচিতি পায়। মুক্তিযুদ্ধের সময় এ স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে ঘড়িটি বন্ধ হয়ে পড়েছিল। প্রাচীন কাঠামো ঠিক রেখে প্রয়োজনীয় সংস্কারকাজ শেষে ১৯৮৭ সাল থেকে ফের চালু করা হয় ঘড়িটি। তবে ঘড়ির কাঁটা সঠিক সময় নির্ধারণ না করায় ২০১১ সালে কাঠামো ঠিক রেখে আবার সংস্কারকাজ সম্পন্ন করে সিলেট সিটি করপোরেশন।সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, সাড়ে ১৬ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের মাধ্যমে ঘড়িঘরের প্রয়োজনীয় সংস্কার করে নতুন ঘড়ি প্রতিস্থাপন করা হয়। প্রাচীন নির্মাণশৈলী যথাযথ রাখতেই সংস্কারকাজে বেশি ব্যয় করা হয়েছে। নতুন ঘড়ি চলতে কম্পিউটারাইজড-পদ্ধতি এবং বিদ্যুৎ চলে গেলেও যাতে ঘড়ি সচল থাকে, এ জন্য আইপিএসও বসানো হয়। ঘণ্টা বাজার ধ্বনি প্রায় তিন কিলোমিটার দূর থেকে শোনা যাওয়ার ব্যবস্থা রাখা হয়। এসব কাজ সম্পন্নের পর ওই বছরের সেপ্টেম্বর মাস থেকে পুরোনো কাঠামোয় নতুন করে যাত্রা শুরু করে আলী আমজদের ঘড়ি।নতুন করে স্থাপন করা ঘড়িসহ সব কারিগরি যন্ত্রপাতির ‘ওয়ারেন্টি’ আছে জানিয়ে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, এ জন্য সংস্কারকাজে এত টাকা ব্যয় একেবারেই যে গচ্চায় গেল এমনটি ভাববার অবকাশ নেই। সংস্কারকাজ শেষেও ঘড়ির সময়ে গরমিল প্রসঙ্গে তিনি বিদ্যুতের লোডশেডিংকে দায়ী করে জানান, ঘড়ি সচল রাখতে সংযুক্ত আইপিএসকে ২৪ ঘণ্টা চার্জে রাখতে হয়। বিদ্যুৎ চলে গেলে এতে ব্যাঘাত ঘটে। নতুন ঘড়িটি সঠিক সময় নির্ধারণ না করার পেছনে আসলে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংই দায়ী।লোডশেডিংই দায়ী কি না—জানতে চাইলে বিদ্যুৎ বিভাগ (ডিভিশন-১) সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, ‘এটা হাস্যকর অভিযোগ। লোডশেডিংয়ের কারণে এভাবে কোনো স্থাপনার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার নজির নেই। তা ছাড়া এত টাকা ব্যয়ে একটি সংস্কারকাজ সম্পন্নের পর যদি লোডশেডিংয়ের কারণে এভাবে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তারা (সিটি করপোরেশন) আমাদের জানাতেও পারত।’