১৬ লিফটের ৮টিই নষ্ট, সচলগুলোও বেগতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালের জরুরি বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে যাওয়ার লিফটের দরজার সামনে রাখা অক্সিজেন সিলিন্ডার l প্রথম আলো
হাসপাতালের জরুরি বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে যাওয়ার লিফটের দরজার সামনে রাখা অক্সিজেন সিলিন্ডার l প্রথম আলো

লিফটগুলো অনেক পুরোনো, জরাজীর্ণ। চলার সময় ঘড় ঘড় শব্দ করে। সেই সঙ্গে দোলাদুলিও। মাঝেমধ্যে আটকে যাওয়ার ঘটনাও ঘটছে।
এই চিত্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চালু লিফটগুলোর। এগুলোর অবস্থা এমনই বেগতিক যে, সংকেত চিহ্নও নষ্ট। এর ফলে লিফট যে কোথায় আছে, তা-ও বোঝার উপায় নেই।
হাসপাতাল ও গণপূর্ত বিভাগ সূত্র জানায়, জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন স্থানে ১৬টি লিফট রয়েছে। এর মধ্যে আটটিই নষ্ট। বাকিগুলা চালু থাকলেও জোড়াতালি দিয়ে চলছে। সচল আটটি লিফটের সব কটি সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত চালু থাকে। এরপর থেকে রাত আটটা পর্যন্ত চলে চারটি। আর রাত আটটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত চলে একটি লিফট।
এক হাজার শয্যার হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকে প্রায় দ্বিগুণ। সঙ্গে থাকে রোগীর স্বজন আর চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী। সব মিলিয়ে পাঁচতলা ভবনের হাসপাতালে প্রায় চার হাজার মানুষের নিয়মিত যাতায়াত।
গত সপ্তাহে সরেজমিনে দেখা যায়, জরুরি বিভাগের পাশে দুটি লিফট থাকলেও তা বন্ধ। একটি লিফটের বন্ধ দরজার সামনে অক্সিজেনের সিলিন্ডার স্তূপ করে রাখা। জরুরি বিভাগের লিফট নষ্ট থাকায় অন্য লিফটে করে রোগী ও তাদের স্বজনেরা ওঠানামা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক জরুরি বিভাগের একজন কর্মচারী বলেন, নষ্ট লিফটগুলো ঠিক না করায় রোগীদের অনেক কষ্ট হচ্ছে।

হাসপাতালের পশ্চিম দিকের ব্লকে তিনটি লিফটের একটি চালু পাওয়া যায়। এই ব্লকের নিচতলায় রেডিওলজি ও ইমাজিনবিভাগ। সেখানে এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআইসহ গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ব্লকের দ্বিতীয় তলায় রয়েছে হৃদ্‌রোগ বিভাগ। সেখানকার লিফটও ঠিকমতো চলে না। তাতে রোগীদের দুর্ভোগের শেষ নেই। বিভাগটিতে চিকিৎসাধীন একজন রোগীর স্বজন শাহাদাত হোসেন বলেন, লিফট থাকলেও প্রায়ই বন্ধ থাকে।

হাসপাতালের প্রশাসনিক কার্যালয়ের সামনের ব্লকে ছয়টির মধ্যে তিনটি লিফট চালু রয়েছে। সেখানে একটি লিফটের দরজায় রোগীর স্বজন ও কর্মচারীদের ধাক্কা দিয়ে হাঁক দিতে দেখা যায়। আবার লিফটের ছিদ্র দিয়ে চিৎকারও করছিলেন কেউ কেউ। কারণ সম্পর্কে জানতে চাইলে লিফটের অপারেটর বকুল মিয়া বলেন, ‘আমরা চাকরি করি। তাই এ বিষয়ে কিছু বলতে পারব না।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন লিফট অপারেটর বলেন, ‘প্রতিদিন ঝুঁকি নিয়ে লিফট চালাই। অনেক সময় চলার পথে বন্ধ হয়ে যায়। পরে টেনে ওঠানামা করানো হয়।’

লিফটের যন্ত্রণায় অতিষ্ঠ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে আসা রোগীর স্বজন আশরাফ আলী বলেন, ‘হাসপাতালোত এতগুলা লিফট থাকিয়া কী লাভ? কষ্ট করি সিঁড়ি দিয়া ওঠা-নামা করা লাগে।’

চালু আটটি লিফটের মধ্যে পশ্চিমের ব্লকে একটি, পরিচালকের কার্যালয়ের (প্রশাসনিক ভবন) সামনেচারটি, পূর্ব ব্লকে দুটি ও সম্প্রসারিত ভবনে একটি লিফট রয়েছে। জানতে চাইলে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক (উপপরিচালক) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, লিফটগুলো অনেক পুরোনো। এগুলো সংরক্ষণ ও মেরামতের দায়িত্ব গণপূর্ত বিভাগের। কোনো রকমে লিফটগুলো চললেও ঝুঁকিটা থেকেই যায়।

গণপূর্ত বিভাগ রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল গাফফার বলেন, অধিকাংশ লিফট অনেক পুরোনো। চলাচলের অনুপযোগী। মাঝেমধ্যে সংস্কার করে আটটি লিফট চালু রাখা হয়েছে। লিফটগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।