১৬ সচিবের সনদও খতিয়ে দেখবে দুদক
চাকরির শুরুতে মুক্তিযোদ্ধা সনদ না দিয়ে পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরির মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো অনিয়ম আছে কি না, তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে মাসিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান দুদকের সচিব মাকসুদুল হাসান খান। তিনি বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য এলে আমরা অবশ্যই অ্যাকশনে যাব।’ গত মঙ্গলবার প্রথম আলোয় ‘পাঁচ সচিবের পর আরও ১৬’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
মাকসুদুল হাসান খান বলেন, বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশের কাছে পারস্পরিক আইনগত সহযোগিতা অনুরোধ (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন্স রিকোয়েস্ট-এমএলএআর) পাঠানো হয়েছে। তবে কাদের বিষয়ে এমএলএআর পাঠানো হয়েছে, তা জানাতে রাজি হননি সচিব। দুদকের নয় কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগের বিষয়ে অনুসন্ধানকাজ চলছে বলে জানান তিনি।
সংবাদ ব্রিফিংয়ে মাকসুদুল হাসান খান জানান, অক্টোবর মাসে পাওয়া ৭৪৬ অভিযোগের মধ্যে ৫৪টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এর মধ্যে বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে ছয়টি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অক্টোবরে ২৫টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যা ৫০ জন। এঁদের মধ্যে সরকারি চাকরিজীবী ২২ জন, ব্যবসায়ী তিনজন ও জনপ্রতিনিধি আছেন তিনজন।